নওগাঁর মহাদেবপুরে মাদকের ভয়াল ছোবল গ্রাস করছে উঠতি বয়সের তরুণদের। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে নানান মাদক। মাদক সেবনে জড়িয়ে পড়ছে নানা বয়সের মানুষ। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবক ও সচেতন মহল। পুলিশ বলছে, মাদকের ব্যাপারে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিদিন চলছে অভিযান। দেয়া হচ্ছে মামলা। কিন্তু নানা কারণে তারা সহসাই জেল থেকে বেরিয়ে এসে আবার জড়িয়ে পড়ছে মাদক ব্যবসায়।
দীর্ঘদিনের লকডাউনে বেকার হয়ে পড়া অনেকেই ঝুকে পড়েছেন গাঁজা, ফেন্সিডিল, ইন্ডিয়ান রকমারী এ্যালকোহল, বাংলা মদ, চোলাই মদ, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্ডল, এ্যাম্পল প্রভৃতি মাদকে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, মহাদেবপুরের মাদকের আখড়া নামে পরিচিত চকগোবিন্দ, লিচুতলা পূর্বপাড়া, কুঞ্জবন, শিবরামপুর, বামনসাতা, সহরাই প্রভৃতি গ্রাম। এছাড়া মহাদেবপুর উপজেলাকে মাদক পাচারের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হয়। দূরের ব্যবসায়ীরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক পরিবহনে জয়পুরহাট-নওগাঁ রুট ব্যবহার করে থাকে। গত ৭ মে র্যাব-৫ এই রুটের মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করে। তারা কুমিল্লা ও জয়পুরহাট জেলার বাসিন্দা।
মহাদেবপুর থানা পুলিশের তালিকায় রয়েছে ৮২ জন মাদক ব্যবসায়ী। এদের মধ্যে এখন আটক আছে আটজন। এছাড়া নতুনরাও জড়িয়ে পড়ছে এই ব্যবসায়। এই ৮২ জনের মধ্যে উপজেলার সদর ইউনিয়নেই রয়েছে ২৫ জন। বাঁকি ৫৭ জন জন অন্য নয়টি ইউনিয়নে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, চলতি জুলাই মাসের ৩০ তারিখ পর্যন্ত গত একমাসে থানা পুলিশ ১২টি মাদক মামলায় ১৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসব মামলায় ৯৯ বোতল ফেন্সিডিল, দুই বোতল মদ, ৭০ লিটার চোলাই মদ, ১১০ লিটার মদ তৈরীর উপকরণ, ২১৯ গ্রাম গাঁজা, ৪০০ পিস সিডাক্সিন ট্যাবলেট ও ৩০ পিস ট্যাপেন্ডল ট্যাবলেট উদ্ধার করে। তিনি বলেন, পুলিশ হরহামেশাই মাদক ব্যবসায়ীদের আটক করছে। মামলা দিচ্ছে। কিন্তু মামলায় যাদের সাক্ষী করা হচ্ছে, বিচারের সময় কোর্টে তারা আর সাক্ষ্য দিতে চাননা। ফলে মাদক ব্যবসায়ীরা জামিনে বেরিয়ে এসে আবার পুরোনো ব্যবসায় শুরু করছে।
এলাকার মাদকের গডফাদার বলে পরিচিত চকগোবিন্দ গ্রামের বদিকে পুলিশ ১৬ বার গ্রেফতার করেছে। প্রতিবারই সে কিছুদিন পর জেলহাজত থেকে বেরিয়ে এসে আবার শুরু করে ব্যবসায়। মহাদেবপুর লিচুতলা পূর্বপাড়ার তমেজ উদ্দিনকে পুলিশ আটক করেছে ১১ বার। সে আটক হলে তার স্ত্রী আর মেয়েরা ব্যবসায় চালিয়ে নেয়। সেখানকার জাকির হোসেন জুয়েলকে পাঁচবার আর তার স্ত্রী মেরিনাকে পুলিশ আটক করেছে ছয়বার। খাজুর ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামের মোসলেম উদ্দিন গ্রেফতার হয় পাঁচবার। গত ২৬ জুলাই আবার সে আটক হয়। ফেন্সি খোকন নামে পরিচিত রিক্সাভ্যান চালক গতমাসে আটক হয়। জামিনে বেরিয়ে এসে আরও জোড়ে সোড়ে ফেন্সিডিল বিক্রি শুরু করেছে সে।