নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর গ্রামবাসীর নিজস্ব শ্রম ও অর্থে দীর্ঘ এক কিলোমিটার কর্দমাক্ত কাঁচা সড়ক সংস্কার করেছেন। স্থানীয় ইউপি সদস্য মুক্তার হোসেনের উদ্যোগে একটানা ১৪ দিন কাজ করে বুধবার রাস্তাটি চলাচল উপযোগী করেছেন গ্রামবাসী। রাস্তা সংস্কারে ইট খোয়া কিনতে খরচ হয়েছে দুই লাখ ৪৭ হাজার টাকা। ইউপি সদস্যের নেতৃত্বেই গ্রামের লোকজন ‘সড়ক উন্নয়ন তহবিল’ গঠন করে নিজেরা সাধ্যমত চাঁদা দিয়ে এক লাখ ৯০ হাজার টাকা জমা করেন। বাকী ৫৭ হাজার টাকা ইউপি সদস্য মুক্তার হোসেন ব্যক্তিগতভাবে বহন করেছেন।
মাঝগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য মুক্তার হোসেন বলেন, আমাদের এলাকাটি কৃষি নির্ভর এলাকা। এই এলাকার সব্জি, ফল ও ফসল স্থানীয় হাট-বাজারে নেয়ার জন্য এই রাস্তাটি ব্যবহৃত হয়। দীর্ঘদিনেরও রাস্তাটি পাকা না হওয়ায় বছরের অর্ধেকেরও বেশি সময় এটি কর্দমাক্ত থাকে। এলাকাবাসীর দাবী স্বত্ত্বেও কর্তৃপক্ষ সুদৃষ্টি না দেওয়ায় বাধ্য হয়ে স্থানীয় কৃষকেরাই চাঁদা তুলে এই কাঁচা রাস্তাটিতে ইটের খোয়া ও বালু বিছিয়ে চলাচলের উপযোগী করেছেন। এক কিলোমিটার দীর্ঘ রাস্তাটি মূলত ১২ ফুট চওড়া, কিন্তু টাকার যোগান কম হওয়ায় ৬ ফুট চওড়া করে ইটের খোয়া ও বালু দিয়ে ভ্যান-রিক্সাসহ গ্রামীণ যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে।
স্থানীয় চাষী আলতাব হোসেন, কুমেদ আলী ও আবদুল কাদের জানান, অন্যান্য বছর কাদার কারণে খুবই দুর্ভোগ হলেও বর্তমানে রাস্তাটি চলাচলের উপযোগী হওয়ায় পেয়ারা, আম ও শাক-সব্জিসহ কৃষিপণ্য হাট-বাজারে নিতে অনেক সুবিধা হয়েছে, পরিবহণ খরচও কমেছে। তবে সরকারীভাবে সড়কটি দ্রুত পাকা করার দাবী জানান তারা।
ইউপি চেয়ারম্যান আবদুল আলীম জানান, রাস্তাটি এলজিইডি’র আওতাধীন, তাই ইউনিয়ন পরিষদ থেকে আমরা কোন কাজ করতে পারছি না। এ রাস্তার ব্যাপারে একাধিকবার কথা বলেছি। স্থানীয় সংসদ সদস্যও বিষয়টি সম্পর্কে অবগত আছেন। আশা করি এলাকাবাসীর স্বার্থে রাস্তাটি দ্রুতই পাকাকরণের উদ্যোগ নেয়া হবে।