১৪ দিনের কঠোর লকডাউন উপেক্ষা করে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামে ঈদ উপলক্ষে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৬ জুলাই) বেলা ৪টায় শাহপুর গ্রামের আমির হোসেনের জমিতে এ খেলার আয়োজন করা হয়।
জানা যায়,ফুটবল খেলার আয়োজন ঘিরে গ্রামের মানুষের ভিড় ছিল উপচে পড়া। কোনো প্রকার স্বাস্থ্যবিধির বালাই ছিল না সেখানে। এমনকি কারো মুখেই মাস্ক ছিলনা। খেলা শেষে ঘটা করে ইউনিয়ন পরিষদের মেম্বার আঃ কুদ্দুস রেজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরস্কারও দেওয়া হয়। এ ফুটবল খেলা দেখতে আশপাশের গ্রামের নানান বয়সী নারী-পুরুষ,শিশু-কিশোরসহ শত শত পথচারীর ভিড় জমে। সন্ধ্যা পর্যন্ত চলা এ খেলায় কাউকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। খেলার বিভিন্ন ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়েছে। করোনার সময়ে এ রকম জনসমাগম সংক্রমণের ঝুঁকি রয়েছে বলে স্থানীয় সচেতন মহল আশঙ্কা প্রকাশ করে।
এ বিষয়ে মূলগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য,বিএনপি নেতা ওই গ্রামের বাসিন্দা আঃ কুদ্দুস রেজা বলেন, ‘এ খেলায় আমি আয়োজনে ছিলাম না। গ্রামের উঠতি বয়সী কিছু যুবক এটা করেছে। তিনি এ পর্যায়ে এলাকার এক ব্যক্তির নাম বলে তার সাথে কথা বলতে বলেন।
মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল বলেন,খেলা আয়োজনের বিষয়ে আমি কিছুই জানিনা। কেউ বলেওনি আমাকে। জানলে হয়তো বন্ধ করে দিতাম।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন,এ সম্পর্কে আমি কিছুই জানিনা। কেউ অবগত করেনি। বিষয়টি সম্পর্কে জানলে ব্যবস্থা গ্রহণ করতাম।’