পাবনার সুজানগর পৌরসভায় করোনা সংক্রমণরোধে সরকারি বিধিনিষেধের ফলে কর্মহীন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিশেষ ওএমএস’র চাল ও আটা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এবং খাদ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে পৌরসভার চারটি কেন্দ্র থেকে পরিচালিত ঐ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার পারভেজ জানান, ভুক্তভোগী পরিবারের লোকজন নির্ধারিত ডিলার কর্তৃক পরিচালিত ঐ সকল কেন্দ্র থেকে সপ্তাহে ৬দিন ৫কেজি করে চাল ও ৫কেজি করে আটা কিনতে পারবেন। সরকার প্রতি কেজি চালের দাম ৩০টাকা এবং প্রতি কেজি আটার দাম নির্ধারণ করেছেন ১৮টাকা।