সরাইলে বিদ্যুৎ-এর এসটি লাইনের ক্যাবল ছিঁড়ে পড়ে বসত ঘরে আগুনের সূত্রপাত হয়। গিজাগিজি করে ৫টি ঘরে বসবাস করছেন অর্ধশতাধিক লোক। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন তারা। বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা দৌঁড়ে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। গত শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার শাহজাদাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ও প্রত্যকক্ষদর্শী গ্রামবাসী জানায়, গ্রামের সড়ক পাড়ার বাসিন্ধা আব্দুল্লাহ, শাহ আহমদ আলী, রাজু মিয়া আহমদ মিয়া ও রাজু মিয়া। অন্যান্য দিনের মত শনিবার রাতেও ঘুমিয়ে পড়েন তারা। হঠাৎ করে আউশ মিয়ার বাড়ির পাশের বৈদ্যুতিক এসটি লাইনের প্রায় ৫ শত গজ ক্যাবল ছিঁড়ে বিকট শব্দে তাদের টিনের চালে পড়ে আগুন লেগে যায়। ঘুম ভেঙ্গে পাঁচ পরিবারের লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। প্রাণ ভয়ে শিশুসহ পরিবারের সকল সদস্য দৌঁড়ে ঘর থেকে বেরিয়ে প্রাণ রক্ষা পায়। তাদের আর্তচিৎকারে গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছে উপজেলা পিডিবি কর্তৃপক্ষকে মুঠোফোনে বিষয়টি অবগত করেন। তারা তাৎক্ষণিক সেখানকার সংযোগ বিচ্ছিন্ন করে বড় ধরণের দূর্ঘটনা থেকে রক্ষা করেন। তবে গতকাল রোববার দুপুর পর্যন্ত সেখানকার বৈদ্যুতিক লাইন মেরামত করা হয়নি। এ বিষয়ে সরাইল পিডিবি’র নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ) মো. সামির আসাব বলেন, বৃষ্টির কারণে অনেক স্থানে ক্যাবলের টেম্পার নষ্ট হয়ে ছিঁড়ে পড়ছে। নতুন করে ক্যাবল সংযুক্তের কাজ পক্রিয়াধিন আছে। পর্যায়ক্রমে বৈদ্যুতিক লাইনের আগের ক্যাবল গুলো পরিবর্তন করা হবে।