বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ ও গোপালগঞ্জ জেলায় বিএআরআই এর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশ প্রতিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদার করনের মাধ্যমে কৃষি উন্নয়ন শীর্ষক প্রকল্পের অর্থায়নে কয়রায় মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ২৫ টি গৃহহীন পরিবারের মাঝে নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। গত শনিবার বেলা ১১ টায় উপজেলার আমাদী ইউনিয়নের নাকশা ও মহারাজপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে সরকারের খাস জমিতে সদ্য নির্মিত গৃহহীন পরিবারের ঘরের আশপাশে ১০০ টি নারিকেলের চারা রোপন করা হয়। নারিকেলের চারা বিতরনকালে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ^াস। এ সময় আরও উপস্থিত ছিলেন কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান, সাংবাদিক শাহজাহান সিরাজ, এ্যাড. আনিছুর রহমান, স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সরেজমিন গবেষনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদ বলেন, নারিকেলের চারা রোপন ও তার রক্ষণাবেক্ষণ করবেন সরেজমিন গবেষণা বিভাগ এমএলটি সাইট কয়রা। এ ছাড়া কয়রায় মুজিব শতবর্ষ উপলক্ষে পাওয়া সকল গৃহহীন পরিবারের ঘরের আশপাশে নারিকেল সহ বিভিন্ন জাতের চারা রোপন করা হবে এবং শাকসবজি চাষের জন্য সার্বিক সহযোগিতা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ^াস বলেন, সদ্য পাওয়া এসব ঘরের মালিকদের সরকারের এই করোনাকালীন সময়ে যে সব সুযোগ সুবিধা পাওয়া যাবে তা এ সকল পরিবারের অগ্রাধিকারের ভিত্তিতে আগে দেওয়া হবে। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে উপজেলার সকল ভুমিহীন ও গৃহহীন পরিবারে ভূমি ও গৃহ নির্মাণ করা হবে। এজন্য সরকারের নির্দেশনা আছে।