পাবনার চাটমোহরে ব্যবসায়ীর ছিনতাইকৃত টাকা উদ্ধার করলো থানা পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। টাকা উদ্ধার আর ছিনতাইকারীকে আটকের ঘটনাটি ঈদের আগের দিন (২০ জুলাই) রাতের। ছিনতাইয়ের ঘটনাটি ঘটে গত ১৬ জুলাই ভোর রাতে চাটমোহর-পাবনা সড়কের কায়েমখোলা মোড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে,পাবনার আটঘরিয়া উপজেলার ভরতপুর গ্রামের রসুন ব্যবসায়ী আহম্মদ আলী (৬০) একটি নসিমন গাড়ি যোগে গত ১৬ জুলাই ভোরে রসুন কেনার উদ্দেশ্যে চাটমোহরে আসছিলেন। পথিমধ্যে চাটমোহর-পাবনা সড়কের চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের কায়েমখোলা মোড়ে ৪জন দুর্বৃত্ত গাড়িটি থামিয়ে ব্যবসায়ী ও গাড়ির চালককে মারপিট করে বেঁধে রেখে ব্যবসায়ীর ১ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। ব্যাপক আালোচনা শুরু হয় এনিয়ে। এঘটনার ৪ দিন পর ২০ জুলাই এ বিষয়ে চাটমোহর থানায় একটি মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর পুলিশ অভিযান নামে। ওই দিন রাতেই আটক করে মোঃ জাকির হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে। জাকির চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চাদের বাজারের আঃ মান্নানের ছেলে। তার দেওয়া তথ্যমতে একই ইউনিয়নের সেনগ্রামের শাহিন হোসেন (২৫) এর বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ বাড়ির একটি ঘরের চাউলের ড্রাম থেকে ছিনতাই হওয়া ১ লাখ ১৯ হাজার টাকা উদ্ধার করে। আটককৃত জাকির হোসেন আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। অন্য আসামীরা পলাতক রয়েছে।
এবিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন জানান,ঘটনার বিষয়টি জানার পরই পুলিশ তৎপর হয়। বাদীকে এনে মামলা নেওয়া হয় এবং আসামী গ্রেফতারে অভিয়ান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়। তদন্ত করে বিষয়টি নিশ্চিত হতেই দুদিন সময় লেগেছে। তারপর পুলিশ আসামীকে গ্রেফতার ও টাকা উদ্ধার করেছে।