পাবনার চাটমোহরে চামড়ার বাজারমূল্যে ধস নামে। ২ লাখ টাকার গরুর চামড়া বিক্রি হয়েছে মাত্র সাড়ে ৩শ টাকা। ২৫ হাজার টাকা মূল্যের খাসির চামড়া বিক্রি হয়েছে ২০ টাকায়। ছোট খাসির চামড়া কেউ কিনতেও রাজি হয়নি। এমন পরিস্থিতি দেখা যায় চামড়া বাজারে। ২ লিটার বোতলজাত পানির দাম ৩০ টাকা। একটি ছাগলের চামড়া বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়। উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
পাশাপাশি এলাকাগুলোতে চামড়া কেনার জন্য মৌসুমি চামড়া ব্যবসায়ীদের তেমন দেখা মেলেনি। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার লোকজনের বিনামূল্যে চামড়া সংগ্রহ করতে দেখা গেছে। অনেকেই আবার চামড়া বিক্রি করতে না পরে মসজিদ-মাদ্রাসা বা এতিমখানায় চামড়া দান করে দিয়েছেন।
উপজেলা রামচন্দ্রপুর গ্রামের মোজাম্মেল হক বলেন,সকাল সাড়ে ১২টার মধ্যে তার কোরবানির গরু কাটাকাটি শেষ হয়েছে, কিন্তু চামড়া বিক্রি করতে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। বিগত বছরগুলোতে এমন অবস্থা ছিল না,এখন এমন কেন হচ্ছে, বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
চাটমোহরের মথুরাপুরের আবুল কালাম আজাদ জানান,কুরবানি দেওয়া ষাঁড়ের প্রতিদিন যতœ করার জন্য তেল মালিশ,শ্যাম্পু দিয়ে গোসল করানো হতো। কিনেছিলাম ২ লাখ ১৬ হাজার টাকায়। চামড়া বিক্রি করলাম ৪শ টাকায়।
উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের চেয়ারম্যান কে এম জাকির হোসেন জানান,এবার চামড়া কেনার জন্য কোনো ব্যবসায়ীকে দেখা যায়নি, দু'একজন কিনছে তাও আবার আস্ত গরুর চামড়া ৩ শত টাকা ও ছাগল ২০ টাকায়। এমন সিন্ডিকেট আগে কখনো দেখিনি। ফলে এলাকার এতিম ও দুস্থরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
মোঃ গোলাম হোসেন নামের মৌসুমী একজন চামড়া ব্যবসায়ী জানান,নির্ধারিত দামে চামড়া কিনব কিভাবে আমরা চামড়া কিনলেও আড়তে বেচতে হচ্ছে অনেক কম দামে। তাছাড়াও এবার করোনাভাইরাস ও লকডাউনের কারণে চামড়া বেচাকেনা করতে পারব কি না, সেটা এখন বুঝতে পারছি না। তাই চামড়া কিনে নিয়ে কোনো ভরসা পাচ্ছি না। এবার দাম কম হওয়ায় হক থেকে বঞ্চিত হচ্ছে গরিব,এতিম ও অসহায়রা।
এলাকাবাসী সূত্রে জানা যায়,অন্যান্য বছরের তুলনায় এ বছর উপজেলার বিভিন্ন এলাকার অধিকাংশ মৌসুমি চামড়া ব্যবসায়ীরা, চামড়া কেনেননি।
চাটমোহর নতুন বাজার নিশিপাড়ার চামড়া ব্যবসায়ী সুকুমার দাস,কৃষ্ণ দাস,সুনীল দাসসহ অন্যরা জানান,খাসি ছাগলের চামড়া ১৫-২০ টাকা,গরুর চামড়া ২৫০-৩০০ টাকায় কিনছি। ব্যবসায় লোকসান হওয়ার আশঙ্কা থাকায় অনেকেই এবছর চামড়া কিনছেন না বলে জানান এই চামড়া ব্যবসায়ীরা।
সচেতন মহলের অভিমত করোনাভাইরাস ও লকডাউনের অজুহাত দেখিয়ে চামড়া ব্যবসায়ীরা এমনটি করতে পারে। বাহির থেকে ক্রেতা (মহাজন) না আসায় চামড়ার দামেও ধস নেমেছে বলে তারা মনে করেন।