খুলনার পাইকগাছায় বোয়ালিয়া মালো পাড়ায় বিষ্ণু-কৃষ্ণ বিশ্বাসদের বাড়ী যাতায়াতের পথে প্রাচীর নির্মাণে বাঁধা দেওয়ায় সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে। এ ঘটনার উভয় পক্ষ থানায় মামলা করছে। থানায় মামলা সূত্রে ও স্থানীয়রা জানান, বিষ্ণু-কৃষ্ণ বিশ্বাসের বাড়ীর মধ্যে দিয়ে জোর পূর্বক উজ্জ্বল-রবীন বিশ্বাসরা যাতায়াতের পথ নেওয়ার জন্য দীর্ঘদিন বিরোধ চলে আসছে। দু’পক্ষের মধ্যে এ নিয়ে একাধিক মামলা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ একাধিকবার চেষ্টা করেও সুরহা করতে পারেনি। গত ১৮ জুলাই দুপুরে হিতামপুর মালোপাড়া সার্বজনিন শ্রী শ্রী শীতলা মন্দিরে প্রাচীর নির্মাণের কাজ চলছিল। মন্দিরের মাঠ দিয়ে পাশের ৭টি পরিবার যাতায়াত করে। ৫টি পরিবারের পথ খোলা রেখে মন্দির কমিটিকে উপেক্ষা করে অজিত বিশ্বাস বিষ্ণু-কৃষ্ণ বিশ্বাসদের বাড়ী যাতায়াতের পথ বন্ধ করে প্রাচীর নির্মাণ শুরু করে। এ সময় বিষ্ণু-কৃষ্ণরা কাজে বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। মারামারিতে উভয় পক্ষের ৫জন আহত হয়ে উপজেলা হাসপাতালে ভর্তি হয় এবং বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। মারপিটে বিষ্ণু, প্রসেনজিৎ, গুলজনি বিশ্বাস, কৃষ্ণ বিশ্বাস ও রবীন আহত হয়। এদিকে বিষ্ণু বিশ্বাস বাদী হয়ে থানায় অজিত বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, অসীম বিশ্বাস, রবীন বিশ্বাস, মহাদেব বিশ্বাস, মহিতোষ বিশ্বাসসহ ১০জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলা নং-২৩। মন্দির কমিটির সভাপতি অজিত বিশ্বাস জানান, মন্দির বাউন্ডারী ওয়াল নির্মাণ কালে বাঁধা দিলে দু’পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। অপরদিকে মহিতোষ বিশ্বাসের স্ত্রী মাধাবী বিশ্বাস বাদী হয়ে ইন্ধন দেওয়ার অভিযোগ এনে স্থানীয় সাবেক ইউপি সদস্য মীর আনোয়ার ইলাহী সহ সহ ১০জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন, যার নং-২০। থানা ওসি মো. এজাজ শফি জানান, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনা ঘটতে পারে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।