মহামারী করোনার মধ্যেও পাবনার সুজানগরে থেমে নাই ঈদ আনন্দ। পবিত্র ঈদুল আযহার ছুটিতে বাড়িতে আসা উপজেলার হাজার হাজার ভ্রমণ পিপাসু নারী-পুরুষ পর্যটক ঈদের দিন বিকালে উপজেলার মানিকহাট ইউনিয়নের রাইপুর এবং সাতবাড়ীয়া ইউনিয়নের নারুহাটি পদ্মা নদীর পাড়ে ঈদ আনন্দে মেতে উঠেন। সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম বলেন ঈদুল আযহার দিন বিকাল ৩টা থেকে উপজেলার হাজার হাজার নারী-পুরুষ পর্যটক মাইক্রোবাস, সিএনজি এবং মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনযোগে পদ্মা নদীর ঐ দু’টি পয়েন্ট এসে ঈদ আনন্দে মেতে উঠেন। এদের মধ্যে কেউবা ইঞ্জিন চালিত নৌকা ও স্পিডবোট ভাড়া করে পদ্মা নদী ভ্রমণ করে আবার কেউবা পদ্মা নদীর চরে বনভোজন করে ঈদ উৎসব করেন। এ আনন্দ ও উৎসব যেন কক্সবাজার এবং রাঙ্গামাটির নৈসর্গিক সৌন্দর্য উপভোগের আনন্দকে ম্লান করে দেয়। মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন এলাকায় তেমন কোন বিনোদন কেন্দ্র নেই। তাছাড়া করোনা মহামারীর কারণে আশপাশের বিনোদন কেন্দ্রগুলোও বন্ধ। সেকারণে ঈদের ছুটিতে বাড়িতে আসা সকল বয়সী মানুষ ঈদ আনন্দ করতে পদ্মা নদীর ঐ দু’টি উম্মুক্ত পাড়ে ভীড় জমায়। তারা ঈদের দিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে সাউন্ড বক্স এবং বাদ্যযন্ত্র বাজিয়ে হৈই চৈই করে ঈদ আনন্দ করেন। সাতবাড়ীয়া পদ্মা নদীর পাড়ে ঈদ আনন্দে আসা উপজেলার বনকোল গ্রামের আবুল কালাম আজাদ বলেন পদ্মাপাড়ের প্রাকৃতিক সৌন্দর্য অনেক নয়নাভিরাম। তাছাড়া এখানকার পরিবেশও অত্যন্ত সুন্দর। সেকারণে বছরের দু’টি ঈদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাড়িতে আসা লোকজন পদ্মা নদীর ঐ দু’টি পয়েন্টে আনন্দ ভ্রমণে আসেন। থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান বলেন, পর্যটকদের ঈদ আনন্দ নির্বিঘœ করতে পদ্মা নদীর ঐ দু’টি পয়েন্টে প্রতি বছরের ন্যায় এ বছরও পুলিশ মোতায়েন করা হয়।