পাবনার সুজানগর ও বেড়া উপজেলায় করোনায় আক্রান্ত দরিদ্র ও দুঃস্থদের জন্য অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন ধরনের করোনা প্রতিষেধক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সুজানগরের মালিফা সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের সভা কক্ষে স্বাস্থ্যবিধি মেনে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ একেএম সেলিম রেজা হাবিব। বিএনপি নেতা কাজী মাহমুদুল আলম নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান মাস্টার, জিএম মঞ্জুরুল হক, বেড়া উপজেলা বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, শামসুর রহমান শমেজ, লুৎফর রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি বুলবুল আহমেদ সবুর, সুজানগর উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় সেলিম রেজা হাবিব উপস্থিত নেতা-কর্মীদের মানবতার সেবায় দলমত নির্বিশেষে করোনায় আক্রান্ত দরিদ্র ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।