পাবনার সুজানগরে করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক পরতে স্থানীয় প্রশাসন মাইকিং করলেও অধিকাংশ মানুষ মাস্ক পরছেন না। এতে উপজেলায় করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দিয়েছে।
সরেজমিন উপজেলার হাট-বাজার এবং রাস্তাঘাট ঘুরে দেখা যায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সর্বত্র মানুষের উপচেপড়া ভিড়। অথচ অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই। এমনকি কেউ স্বাস্থ্যবিধিও মানছেন না। হাট-বাজার এবং রাস্তা-ঘাটে মাস্কবিহীন বিচরণ দেখে মনে হয় দেশে করোনা বলে কিছু নেই। উপজেলার সকল হাট-বাজারের ক্রেতা-বিক্রেতারা মাস্ক না পরে স্বাস্থ্যবিধি অমান্য করে দেদারছে কেনাকাটা করছেন। শুধু হাট-বাজার নয়, যানবাহন গুলোতেও একই অবস্থা। রিকশা-ভ্যান থেকে শুরু করে সকল প্রকার যানবাহনের অধিকাংশ যাত্রী মাস্ক ছাড়াই এক স্থান থেকে অন্যস্থানে অবাধে যাতায়াত করছেন। এমনকি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন পরিষদে ভিজিএফ’র চাল নিতে আসা মানুষও স্বাস্থ্যবিধি মানছেন না। অধিকাংশ মানুষ মাস্ক না পরেই চাল নিতে আসছেন। উপজেলার তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা বলেন করোনা সংক্রমণরোধে গত সপ্তাহে বিনামূল্যে প্রায় দুই হাজার দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছি। অথচ গতকাল সোমবার ভিজিএফ’র চাল নিতে ইউনিয়ন পরিষদে আসা অধিকাংশ মানুষের মুখে দেখি মাস্ক নেই। আর সেকারণে আমি মাস্কবিহীন ঐ সকল লোকজনকে চাল দেই নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী বলেন করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক পরিধান করতে প্রায়ই মাইকিং করা হচ্ছে। এমনকি মাস্ক না পরার অপরাধে মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাও করা হচ্ছে। কিন্তু তার পরও এক শ্রেণির মানুষ মাস্ক পরছেন না। তবে ঈদের পরে কেউ মাস্ক ছাড়া রাস্তায় বের হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।