দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই বাংলাদেশের নারীরা আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ নারী উন্নয়নের একটি রোল মডেল হিসেবে বিশ্বে মর্যাদা পাচ্ছে। নারী ক্ষমতায়ন ও উন্নয়নে সরকার ব্যাপকভাবে কাজ করেছে।’
১৮ জুলাই ২০২১ রোববার দুপুরে বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ কর্তৃক বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২০২০-২০২১ এর অর্থায়নে দুঃস্থ মহিলা এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সেলাই মেশিন ও বাই সাইকেল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন।
এসময় তিনি ৪৭ জন দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং ৬৪ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরন করেন।
তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে আসতে হবে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। সরকারি-বেসরকারিসহ তৃণমূল পর্যন্ত সর্বক্ষেত্রে এখন নারীর উপস্থিতি দৃশ্যমান। বাংলাদেশে সর্বক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরা এখন এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে নারীর অংশগ্রহণ এবং অবদান এখন দৃশ্যমান উল্লেখ করে তিনি বলেন, উন্নত বিশ্বের মতো বাংলাদেশের নারীরাও শিক্ষা ও যোগ্যতা বলে নিজ নিজ অবস্থানে ভূমিকা রেখে যাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস-আদালতে নজর দিলেই এর প্রমাণ মেলে। কর্মক্ষেত্রে মেয়েদের উপস্থিতি জানিয়ে দেয় বাংলাদেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। দেশের প্রতিটি কর্মক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ সার্বিক উন্নয়ন বেগবান করেছে। ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং পেশায় তাদের সময়োপযোগী অবস্থান দেশকে নিরন্তর ধারায় সামনে নিয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ডালিম সরকার, উপজেলা প্রকৌশলী আবদুল মান্নাফ, থানার ওসি আবদুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি।