রোববার সকালে যশোর শহরের আরবপুর দিঘিরপাড় এলাকায় ট্রাক, পিকআপ ও প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং ৯ জন কমবেশি আহত হয়েছেন।
নিহতরা হলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেজেরহুদা গ্রামের মোংলা মন্ডলের ছেলে আবদুল আলিম (৩৫) এবং গোয়ালহুদা গ্রামের মোসলেম মোল্যার ছেলে জহুরুল ইসলাম (৫২)।
আহতদের মধ্যে দুইজন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহত ও আহতদের স্বজনরা জানায়, গরু কেনার জন্যে চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১২জন ব্যাপারি একটি পিকআপে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে সকাল ৬টার দিকে যশোর শহরের আরবপুর দিঘিরপাড় এলাকায় পৌঁছুলে বিপরীতমুখি একটি ট্রাকের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একটি প্রাইভেটকার ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুইজন নিহত এবং ৯জন কমবেশি আহত হন।
খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শেখ মুজিবর রহমান বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে অঅমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে একজনকে মৃত অবস্থায় দেখতে পাই। এ ছাড়া আহত ৫জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেই।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আবদুর রশিদ বলেন, দুর্ঘটনার শিকার দুইজন হাসপাতালে আনার আগেই মারা যান। হাসপাতালে ভর্তি দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
যশোর কোতোয়ালি থানার ওসি (লজিস্টিক) শাহজাহান আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।