সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় চোরাকারবারিদের হামলায় ৩ জন র্যাব সদস্যসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। এঘটনায় ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র্যাব। হামলার কবল থেকে সোর্সদের উদ্ধারে গেলে শুক্রবার (১৬ জুলাই) মধ্যরাতে সুন্দরবন সংলগ্ন রমজাননগর ব্রিজের নিকটে এ ঘটনা ঘটে।
রমজাননগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য আব্দুল হামিদ লাল্টু জানান, র্যাবের কাছে চোরাচালানি পণ্য ধরিয়ে দেওয়ার অভিযোগে র্যাবের স্থানীয় সোর্স সাদেক, মনিরুল ও রবিউলের ওপর রমজাননগর ব্রিজ এলাকায় হামলা চালায় মুজিবুল হকের নেতৃত্বে স্থানীয় চোরাকারবারিরা। সংবাদ পেয়ে ৩টি মোটরসাইকেলে আসেন ৬ জন র্যাব সদস্য। তারা রমজাননগর ব্রিজ এলাকায় পৌছালে তাদের ওপর আবারও হামলা চালায় চোরাকারবারিরা। এতে ৩ জন র্যাব সদস্যসহ কমপক্ষে ৫ জন আহত হন।
শ্যামনগর থানার ওসি নাজমুল কবির জানান, সোর্সদের ওপর স্থানীয়দের হামলায় এঘটনা ঘটেছে। সোর্সদের উদ্ধারে গেলে দ্বিতীয়বারের হামলায় ৩ জন র্যাব সদস্য আহত হয়েছেন।
র্যাব, সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর শরিফুল আহসান জানান, স্থানীয়দের হামলায় ২ জন র্যাব সদস্য আহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনাটি পরে বিস্তারিত জানাবেন বলে জানান মেজর শরিফ।