পাবনার সুজানগর পৌর বাজার কেন্দ্রীয় জামেমসজিদ সংলগ্ন এক সময়ের ফুপাত বাজার এখন বৌ বাজার হিসেবে পরিচিত। বিশেষ করে ঐ বাজারের অধিকাংশ ক্রেতা মহিলা হওয়ায় পৌরবাসী এক সময়ের ঐ ফুটপাত বাজারকে বৌ বাজার নাম দিয়েছে।
পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তুফান খান বলেন পৌর বাজারের মধ্যে বৌ বাজার সব চেয়ে ছোট একটি বাজার। অথচ বাজারটিতে সব সময় প্রচুর বেচা-কেনা হয়। আর ঐ বাজারের শতকরা ৮০ভাগ ক্রেতা মহিলা। অনেক সময় মহিলা ক্রেতাদের ভীড়ের কারণে ওই মসজিদে নামাজ পড়তে পর্যন্ত মুসল্লিদের দুর্ভোগ পোহাতে হয়। বাজারের আরেক ব্যবসায়ী লিটন হোসেন বলেন করোনা মহামারীর মধ্যেও আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে বৌ বাজারে জমজমাট কেনা-কাটা চলছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মহিলা ক্রেতারা সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ঐ বাজারে ভীড় করছেন। বিশেষ করে বৌ বাজারে প্রচুর পরিমাণে শিশু পোশাক পাওয়া যাওয়ায় মহিলা ক্রেতারা তাদের শিশু-কিশোর ছেলে-মেয়েদের সঙ্গে নিয়ে বাজারটিতে জমজমাট কেনা-কাটা করছেন। তবে বৌ বাজার ফুটপাতের দোকান হলেও সেখানে জামা-কাপড়ের দাম বেশ চড়া বলে জানালেন ভুক্তভোগী ক্রেতা ছালমা খাতুন। তিনি বলেন অন্যান্য মার্কেটে শিশু-কিশোরদের যে সকল শার্ট ও ফ্রগ ৪/৫‘শ টাকায় বিক্রি হচ্ছে বৌ বাজারে ঠিক একই মানের শার্ট ও ফ্রগ ৬/৭‘শ টাকায় বিক্রি হচ্ছে। তবে দোকানিরা বলেন করোনার কারণে যানবাহন খরচ বেড়ে যাওয়ায় পোশাকের দাম কিছুটা বাড়ছে।