রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নে একটি সরকারী পুকুর খনন কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জ্জনীমহল গ্রামে একটি সরকারী পুকুর খননের কাজ চলছে। কিন্তু খননের কাজে পুকুরের পাড়ে গাছের বল্লি ও টিন দ্বারা যেনতেন ভাবে পাইলিং করা হয়েছে। যার কারণে পুকুরের পাড়ে যে মাটি উঠানো হচ্ছে তা আবার ভেঙ্গে ভেঙ্গে ভিতরে পড়ছে। বর্তমানে পুকুরের কাজ শেষ না হতেই পাইলিং এর টিন সরিয়ে ফেলা হয়েছে। ফলে পুকুরের পাড়ের অবশিষ্ট মাটি ভাঙ্গিয়া ভিতরে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া পুরোপুরি কাজ সম্পন্ন না করে চারপার্শে সিমেন্টের বল্লি দ্বারা ঘেরার কাজ করছে। তাই এলাকাবাসীর দাবী সরকারী পুকুরটি যাতে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে যেনতেন ভাবে কাজ করে বিল উত্তোলন করতে না পারে তার জন্য ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ রুবাইয়া তাসনিম জানান, বিষটি জেলা পরিষদের আওতাভুক্ত। যার কারণে তাদের ফরওয়ার্ডিং পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।