ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে তীব্র যানজটে নাকাল যাত্রী ও পথচারিরা। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্ধ সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাব মেরামতের কারণে গত মঙ্গলবার সকাল থেকেই সরাইলের বিশ্বরোড এলাকায় এ যানজট চলছে। বুধবার দুপুর পর্যন্ত এ দূর্ভোগ বহাল ছিল। হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝি স্থানে অবস্থিত লাঙ্গলবন্ধ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামতের কাজ চলছে। ফলে গত মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সকল যানবাহন সেতুর এক পাশ দিয়ে চলাচল করেছে। আবার ওইদিন রাত ১০টার পর থেকে গতকাল ১৪ জুলাই বুধবার দুপুর ১২টা পর্যন্ত ওই সেতুর উপর দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এ অবস্থায় সড়ক বিভাগ বিকল্প পথ হিসেবে হালকা যানবাহন গুলোকে মোগড়াপাড়া-কাইকারটেক ব্রিজ, নবীগঞ্জ-মদনপুর সড়ক ও ভারী যানবাহন গুলোকে কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব ব্রিজ-সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সড়ক ব্যবহার করতে বলেছেন। এ কারণে চাপ বেড়েছে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে। দেখা দিয়েছে তীব্র যানজট। ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থাকতে হয়েছে যাত্রীদের। আর রোগী বহনকারী গাড়ি গুলোও খুবই ঝুঁকি নিয়ে পাড়ি দিচ্ছেন। সড়ক ব্লক হয়ে থাকায় দুভোগে পড়েছে মহাসড়কের আশপাশের পথচারিরা। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম বলেন, লাঙ্গলবন্ধ সেতু মেরামতের কাজ চলায় এখানকার মহাসড়কে ভারী গাড়ির চাপ বেড়েছে। এর মধ্যে পণ্যবাহী কন্টেইনার, কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপ ভ্যান রয়েছে। যানজট নিরসনে ঘাটুরা থেকে কসবার কালামুড়ি, নন্দনপুর,সরাইল বিশ্বরোড, আশুগঞ্জে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ৫টি দল কাজ করছেন।