খুলনার পাইকগাছা থানা ওসি এজাজ শফী এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা করে তা বাজারের গুরুত্বপূর্ণ স্থানে জনসম্মুখে টানিয়ে দিয়েছেন। মঙ্গলবার সকালে পাইকগাছা পৌরসভার দলিল লেখক সমিতির সামনে ১১নং বিট এলাকার ৩৬জন ওয়ারেন্টভুক্ত আসামীর একটি তালিকা টানানো হয়। তালিকা টানানো সময় উপস্থিত ছিলেন, ওসি (অপারেশন) স্বপন রায় ও থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। বিশাল সাইজের প্যানা আকারে করা তালিকায় সিআর সাজা ও জিআর মামলা, রিসিভ নম্বর, আসামীর নাম ও ঠিকানা, আদালতের নাম ও মামলা নম্বর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে। তবে যে কোনো আসামি সংক্রান্ত এ ধরণের উদ্যোগ এলাকায় এটিই প্রথম। এটি পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং বিট এলাকায় টানানো হবে বলে থানা ওসি জানিয়েছেন। এমন উদ্যোগ প্রসঙ্গে ওসি এজাজ শফী জানান, এর মাধ্যমে কোনো মামলায় ওয়ারেন্ট হয়েছে এবং আদালতের নাম সহ এ-সংক্রান্ত তথ্য আসামি এবং তার আত্মী-স্বজনরা সহজেই জানতে পারবেন এবং অনেক ক্ষেত্রে গ্রেফতার ছাড়াই আদালতে হাজির হতে পারবে।