সময়টা স্বপ্নের মত যাচ্ছে আর্জেন্টিনা মিডফিল্ডার রদ্রিগো দে পলের জন্য। মাত্রই স্বাদ পেলেন কোপা আমেরিকা জয়ের। সেটার রেশ না কাটতেই এবার উদিনেজ থেকে যোগ দিয়েছেন লা লিগা চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদে। এক বিবৃতিতে সোমবার দে পলকে দলে আনার কথা জানায় স্প্যানিশ ক্লাবটি। আতলেতিকোর সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয়েছে দে পলের। ক্লাবের পক্ষ থেকে ট্রান্সফার ফি নিয়ে কিছু না জানানো হলেও স্প্যানিশ গণমাধ্যমের খবর, লা লিগার দলটির খরচ হয়েছে ৩ কোটি ৫০ লাখ ইউরো। সদ্য শেষ হওয়া কোপা আমেরিকায় সাত ম্যাচের পাঁচটিতে শুরুর একাদশে ছিলেন দে পল। ফাইনালে তার বাড়ানো বল থেকেই একমাত্র গোলটি করে দলকে আনন্দে ভাসান আনহেল দি মারিয়া। ২০২০-২১ মৌসুমে ইতালির শীর্ষ লিগ সেরি আয় উদিনেজের হয়ে ৩৬ ম্যাচ খেলেছেন দে পল। গোল করেছেন ৯টি এবং গোল করিয়েছেন ১০টি। স্পেনে এর আগেও খেলেছেন দে পল, ২০১৪ থেকে ২০১৬ সালে ভালেন্সিয়ার হয়ে।