দিনাজপুরের বীরগঞ্জে মাদক বিরোধী অভিযানে একটি বাড়ী হতে ২টি গাঁজার গাছ উদ্ধার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ীর মালিক সহিদুল ইসলাম পালিয়ে যায়।
বীরগঞ্জ থানার ওসি মোঃ আবদুল মতিন প্রধানের নির্দেশনা মোতাবেক সোমবার দুপুরে এসআই এনামুল হক এবং এএসআই মোহাম্মদ আলীর একদল পুলিশ উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামের অভিযান চালায়। অভিযানে মৃত আবদুল সাত্তারের ছেলে সহিদুল ইসলামের বাড়ি থেকে ১০-১২ ফিট উচ্চতার ২টি গাঁজার গাছ উদ্ধার করে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে শহিদুল ইসলামকে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যার নং ১১, তারিখ ১২/৭/২০২১ ইং।
বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মোঃ আবদুল মতিন প্রধান জানান, মাদক বিরোধী অভিযানে ১০ ফিট ও ১২ ফিট উচ্চতার ২টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। গাছ ২টির ওজন প্রায় ১০ কেজি। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।