দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার সরকারি বিধিনিষেধ অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে রাখার অপরাধে ১১ টি মামলায় পাঁচ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রিয়াজ উদ্দিন এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ আফরোজ যৌথভাবে সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ফুলবাড়ী পৌরশহরের গুরুত্বপূর্ণ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সরকারের নির্দেশনাকে উপক্ষে করে ব্যবসাপ্রতিষ্ঠান খুলা রাখার অপরাধে ১১ টি প্রতিষ্ঠানকে পৃথক ১১টি মামলায় উল্লেখিত অংকের টাকা অর্থদণ্ড প্রদান করেন। তবে অর্থদণ্ডপ্রাপ্তরা তাৎক্ষণিকভাবে আদালতে দণ্ডের অর্থ পরিশোধ করে দায়মুক্ত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রিয়াজ উদ্দিন বলেন, একাধিকবার সতর্ক করার পরও শহরের কিছু কিছু ব্যবসায়ী স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনাকে অমান্য করে নিজ খেয়ালখুশি মতো ব্যবসাপ্রতিষ্ঠান খুলে রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ভ্রাম্যমাণ আদালত শহরে বের হলেই ভেতরে ক্রেতাদের রেখেরই ওইসব দোকানের দরজা বন্ধ করে দেওয়া হয়। গতকাল সোমবারও কয়েকটি দোকানের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে। বাধ্য হয়ে ওইসব দোকানের দরজার তালা ভেঙ্গে ভেতরের লোকজনকে বের করে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত রাখা হবে।