'ইমো' হ্যাকিং চক্র ও বিকাশে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ায় ৬ জনকে আটক করেছে র্যাব। শনিবার (১০ জুলাই) রাজশাহী জেলার চারঘাট ও বাঘা থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৫ এর সিপিসি-২ (নাটোর) এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার চারঘাট থানার খেড়ুর মোড় এবং বাঘা থানার আলাইপুর এলাকায় অভিযান চালিয়ে হ্যাকিং চক্রের ৬ জনকে আটক করেছে। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী এবং উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন।
আটককৃতরা হলো, বাঘা থানাধীন নন্দীগ্রাম এলাকার সামসুল সরকারের ছেলে সেলিম রেজা (২৪), তুলশিপুর গ্রামের আনিসুল মোল্লার ছেলে সাদিকুর রহমান (২৪), মিলিক বাঘা এলাকার ইতিম বিশ্বাসের ছেলে শান্ত বিশ্বাস (২১), আবুল হোসেনের ছেলে আবু জাফর (১৯), দক্ষিণ বাঘা এলাকার মৃত আবুল কালামের ছেলে রবিন ইসলাম (২২) ও আলাইপুর গ্রামের মৃত তাজের ছেলে ইসরাফিল হোসেন (৩০)।
এসময় ১৩টি মোবাইল, ১৮ টি সিমকার্ড, ১টি মেমোরীকার্ড ১টি মোটর সাইকেল ও নগদ ৩০ হাজার ৭১৫ টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন স্থানের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করে এবং পরবর্তীতে ভিকটিমের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়।
এ ঘটনায় চারঘাট মডেল থানায় মামলা একটি রুজু করা রয়েছে।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ইমো হ্যাকার চক্রের ৬ জনকে আটক করে র্যাব মামলা রুজু করেছে। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।