সিনোফার্মের ৩ হাজার ২০০ ডোজ করোনাভাইরাসের টিকা রাজশাহীর চারঘাটে এসে পৌঁছেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দুপুরে সিনোফার্মের ১ হাজার ৬০০ ভায়াল টিকা এসেছে। একটি ভায়ালে দুই ডোজ টিকা আছে। যা প্রথম ডোজ হিসাবে ৩ হাজার ২০০ জনকে প্রদান করা যাবে। এই টিকা কবে থেকে দেওয়া হবে বা কাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এসব নিয়ে এখনও নির্দেশনা আসেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা আসার পর সে মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে চারঘাট উপজেলায় এস্ট্রাজেনেকার টিকা ফুরিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে টিকাদান কার্যক্রম। প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ নিতে পারেননি উপজেলার প্রায় ৫ হাজার ১৯৮ জন মানুষ। দ্বিতীয় ডোজ নেয়া অনিশ্চিত হয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনেকে। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, কবে ওই টিকা আসবে, এ বিষয়ে তাদের ধারণা নেই। তারা টিকা পাওয়ার অপেক্ষায় আছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, চারঘাটে টিকা নেওয়ার জন্য ১১ হাজার ৫৬৮ জন নিবন্ধন করে প্রথম ডোজ নিয়েছেন ৯ হাজার ৫২৩ জন। এ যাবত দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ হাজার ৩২৫ জন। দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকতে হচ্ছে খুলনার ৫ হাজার ১৯৮ জনকে। দ্বিতীয় ডোজের টিকার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, নিশ্চয়ই এ ব্যাপারে নির্দেশনা আসবে। সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।