পাবনার সুজানগরে করোনায় আক্রান্ত হয়ে আবদুর রশিদ (৬৫) নামে এক চিকিৎসক ও বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সে উপজেলার হাটখালী ইউনিয়নের শুলাকুড়া গ্রামের মৃত-নছির উদ্দিন শেখের ছেলে এবং ওই ইউনিয়ন বিএনপি নেতা।
পারিবারিক সূত্রে জানা যায়, গত সপ্তাহে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করা হলে তার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। শুক্রবার দুপুরে শুলাকুড়া ঈদের মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন পাবনা-২আসনের সাবেক সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব।