অবশেষে গ্রেপ্তার হয়েছেন রাজশাহীর আড়ানী পৌরসভার সেই মেয়র মুক্তার আলী। তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার ভোর ৫টার দিকে পাবনা জেলার ঈশ্বরদীর পাকশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল। এরপর মেয়রের বাড়িতে অভিযানকালে ফের মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ সোয়া লক্ষাধিক টাকা উদ্ধার করেছে পুলিশ। পরে শুক্রবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য মেয়র মুক্তারকে বিশেষ আদালতে ৫ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ৪ দিনের জন্য মুঞ্জুর করেছে। পরে বিকেলে মুক্তারকে ডিবি কার্যলয়ে নেয়া হয়। এর আগে গত মঙ্গলবার দায়েরকৃত একটি মামলার প্রেক্ষিতে মেয়র মুক্তারের বাড়িতে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনাকালে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ নগদ প্রায় এক কোটি টাকা জব্দ করে পুলিশ। তবে সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান মেয়র মুক্তার।
এসব তথ্য নিশ্চিত করে শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম প্রতিদিনের সংবাদকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার এএসপি (ডিএসবি) রুবেল আহমেদ এবং ডিবি ইন্সপেক্টর আতিকের নেতৃত্বে পাকশীতে অভিযান চালিয়ে তার এক আত্মীয় বাড়ি থেকে মেয়রের শ্যালক রাজনসহ গ্রেপ্তার হয়। এরপর তাদের নিয়ে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পিয়াদাপাড়া মহল্লায় অবস্থিত মেয়রের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে তল্লাশী চালিয়ে তার দেখানো মতে চার বোতল ফেন্সিডিল, একশত গ্রাম গাঁজা, নগদ এক লাখ ৩২ হাজার টাকা এবং দেশীয় ধারালো চাকু উদ্ধার করা হয়। আর গ্রেপ্তারকৃত রাজন মেয়রের সব সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত বলেও জানান এসপি।
এর আগে একটি মামলার সূত্র ধরে গত মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত মেয়র মুক্তারের বাড়িতে পরিচালিত অভিযানে একটি অবৈধ বিদেশী পিস্তল, একটি ওয়ান শ্যুটার গান, একটি দেশীয় তৈরী বন্দুক, একটি এয়ার রাইফেল, শর্ট গানের ২৬ রাউন্ড গুলি, পিস্তলের ৪টি ম্যাগজিন ও ১৭ রাউন্ড গুলি, ৪টি গুলির খোসা, ১০ গ্রাম গাঁজা, সাত পুরিয়া হেরোইন, ২০ পিস ইয়াবা, নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা এবং মেয়রের স্বাক্ষরিত ১৮ লাখ টাকার দুটি ব্যাংক চেক উদ্ধার করে পুলিশ। এ সময় মেয়র পতœী জেসমিন বেগম, মেয়রের দুই ভাতিজা সোহান (২৫) ও শান্তকে (২৩) আটক করা হয়েছে। তারা বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, মুক্তার আলী আড়ানী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত জানুয়ারিতে অনুষ্ঠিত পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় তাকে বহিষ্কার করা হয়েছে। এর আগে ২০১৫ সালে তিনি দলীয় মনোনয়নেই মেয়র হয়েছিলেন। সে সময় তিনি স্থানীয় যুবলীগের সভাপতিও ছিলেন। আর যুবলীগ নেতা হওয়ার পর থেকেই তিনি বেপরোয়ো হয়ে উঠেন।