রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার আলোচিত সেই মেয়র মুক্তার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ জুলাই) ভোররাতে পাবনার ঈশ্বর্দী উপজেলার ফুরফুরা মাজার শরীফের পেছন এলাকার এক আত্মীয়র বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আত্মীয় তার ভাইরা ভাই এর বাড়িতে লুকিয়ে ছিলেন মুক্তার আলী। এ সময় মেয়রের বড়ি গার্ড তাঁর শ্যালক রজন আহম্মেদকেও গ্রেফতার করা হয়েছে। বাঘা থানার ওসি নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া মহল্লায় মেয়রকে তাঁর বাড়িতে নেওয়া হয়। সেখানে তাঁর উপস্থিতিতে বাড়িতে নতুন করে আরও নগদ ১ লাখ ৩২ হাজার টাকা, ১০ গ্রাম গাজা, ৪ বোতল ফেন্সিডিল, ১৬ ইঞ্চি ধারালো চাকু উদ্ধার করা হয়।
দুপুরে মেয়র মুক্তারকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলেও জানান ওসি নজরুল ইসলাম। এই বিষয়ে বাঘা থানার এসআই আবদুল কুদ্দস বাদি হয়ে মামলা দায়ের করেন।
এর আগে গত মঙ্গলবার (৬ জুলাই) রাতে আড়ানী পৌর এলাকার এক শিক্ষককে মারধর করেন মেয়র ও তাঁর লোকজন। এ নিয়ে মেয়রের বিরুদ্ধে থানায় মামলা করেন মনোয়ার হোসেন মঞ্জু নামের ওই কলেজ শিক্ষক। এরপর রাতেই মেয়রের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
এ সময় মেয়রকে না পাওয়া গেলেও বাড়িতে মেলে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, দেশে তৈরি একটি বন্দুক, একটি এয়ার রাইফেল, শটগানের ২৬ রাউন্ড গুলি, চারটি পিস্তলের ম্যাগাজিন, পিস্তলের ১৭ রাউন্ড গুলি, চারটি গুলির খোসা, ১০ গ্রাম গাঁজা, পয়েন্ট ৭ গ্রাম হেরোইন, ২০ পিচ ইয়াবা বড়ি, নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা এবং মেয়রের সই করা দুটি চেক। চেক দুটিতে টাকার পরিমাণ ১৮ লাখ।
ওই অভিযানে আটক করা হয় মেয়রের স্ত্রী জেসমিন বেগম এবং দুই ভাতিজা শান্ত ও সোহানকে। এ নিয়ে তাঁদের বিরুদ্ধে থানায় দুটি মামলা করা হয়। পুলিশের করা এ মামলা দুটিতেও মেয়র মুক্তারকে আসামি করা হয়। বুধবার মেয়রের স্ত্রী এবং ভাতিজাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। তবে লাপাত্তা ছিলেন মেয়র মুক্তার আলী। অবশেষে তাকে গ্রেফতার হলেন।
মুক্তার আলী প্রথমে ছিলেন আড়ানী ইউনিয়ন পরিষদের সদস্য। তারপর হন আড়ানী পৌরসভার কাউন্সিলর। ২০১৫ সালে ৩১ ডিসেম্বর পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তিনি প্রথমবার মেয়র হন। চলতি বছরের ১৬ জানুয়ারী পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচন করে আবারও মেয়র হন।
মুক্তার আলী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তারপরও মুক্তার ওই নির্বাচনে কোণঠাসা করে রেখেছিলেন দলীয় প্রার্থীকে। মুক্তারের সমর্থকেরা হামলা করেছেন দলীয় প্রার্থীর সমর্থকদের ওপর। ঘটে গোলাগুলিরও ঘটনা। তখন এ নিয়ে পাল্টাপাল্টি মামলা হয়। এই মামলা মাথায় নিয়েই মুক্তার আলী শপথ নেন।
নতুন করে শুক্রবার একটি শিক্ষক মনোয়ার হোসেনের করা একটি এবং পুলিশের করা দুটি ছাড়াও আগে থেকেই তাঁর বিরুদ্ধে ৫টি মামলা ছিল। বর্তমানে তার নামে মোট আটটি মামলা রয়েছে। আড়ানীর ত্রাস মুক্তার আলী মন চাইলেই যাকে ইচ্ছে তাকে মারধর করেন। সব সময় থাকেন মদ্যপ অবস্থায়। তিনি গ্রেফতার হওয়ায় পৌরবাসী এবং দলীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, মেয়র মুক্তারকে ও তার শ্যালক রজনকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।