সরাইলে পিডিবি’র ২৫০ কেভি ক্ষমতা সম্পন্ন একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের পাশে ধর্মতীর্থ এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এর আগে গত ৩ জুলাই শনিবার রাতে শাহবাজপুর সাবষ্টেশন থেকে ৫ লাখ টাকা মূল্যের ১০ মিটার পাওয়ার ক্যাবল কেটে নিয়েছে চুরেরা। গত ৩-৪ সপ্তাহ আগে চুরি হয়েছে পিডিবি’র ১৬টি খুঁটি। অভিযোগের পর ফেরৎও পেয়েছেন। সরাইল পিডিবি কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন জানায়, ২ বছর আগে সড়কের পাশের আশা ব্রিক্সের বিদ্যুৎ সংযোগের জন্য ২৫০ কেভি ক্ষমতা সম্পন্ন এ ট্রান্সফরমারটি বসিয়েছিল পিডিবি। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করে বিদ্যুৎ চলে। ঘন্টা খানেক পর ফিরে আসে। আর ওই রাতেই ওই ট্রান্সফরমারটি কেটে নিয়ে যায় চুরেরা। পিডিবি কর্তৃপক্ষ এত ওজনের ট্রান্সফরমারটি না নিয়ে আশে পাশের ঝোঁপঝাড়ে বা পানির নিচে ফেলে যাওয়ার ধারণা করছেন। তারা খুঁজাখুঁজিও করছেন। তবে স্থানীয় লোকজন বলছেন, যারা এ কাজে দক্ষ তারা ছাড়া ট্রান্সফরমার নামানোর ক্ষমতা অন্য কারো নেই। এ ঘটনায় বিদ্যুতের কেউ জড়িত থাকতে পারে। এছাড়া- এ সড়কে সারারাত জ¦লে সোলার লাইট। ডাকাতি রোধে রয়েছে পুলিশের টহল। দীর্ঘ সময় নিয়ে ট্রান্সফরমারটি কেটে উপর থেকে নিচে নামিয়েছে চুরের দল। অথচ কারো চোখেই পড়ল না? সরাইল উপজেলা পিডিবি’র নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) মো. সামির আসাব ট্রান্সফরমার চুরির ঘটনাটি স্বীকার করে বলেন, শাট ডাউন না নিয়েও চুরেরা দুইটি ক্যাবল একত্র করে ঘষা দিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে পারে। আমরা চেষ্টা করে দেখছি। আশপাশে কোথাও ফেলে গেল কিনা। এখনো (গতকাল বিকাল ৫টা পর্যন্ত) থানায় লিখিত অভিযোগ করিনি। তবে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৌখিক ভাবে জানিয়েছি।