বল টেম্পারিং বিতর্কে অস্ট্রেলিয়ার ক্রিকেট যখন ক্ষতবিক্ষত, তখনই ড্যারেন লেহম্যানের থেকে অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল জাস্টিন ল্যাঙ্গারের হাতে। আগামী বছর তার চুক্তি শেষ হয়ে আসছে। তবে অস্ট্রেলিয়ার দায়িত্ব ছাড়তে রাজি নন ল্যাঙ্গার। তিনি অস্ট্রেলিয়ার কোচ হয়েই থাকতে চান। যদিও তাকে নিয়ে অজি ক্রিকেটাররা মোটেও সন্তুষ্ট নন। এজন্য তাকে সতর্কও করেছিল অজি ক্রিকেট বোর্ড। অজি মিডিয়া অনুযায়ী, ল্যাঙ্গারের কোচিং স্টাইল ক্রিকেটারদের একেবারেই পছন্দ নয়। যদিও ল্যাঙ্গারের দাবি, এ রকম কোনো ঘটনাই নাকি ঘটেনি। বরং তিনি জানিয়েছেন, তার কাছে যে রিপোর্ট আছে, সেটা খুবই ইতিবাচক। ল্যাঙ্গারের দাবি, তার চুক্তি বৃদ্ধি করা হচ্ছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাঙ্গার বলেছেন, 'যদি বোর্ড, সিইও এবং হাইপারফরম্যান্স ম্যানেজার মনে করেন, আমার কোচিংয়েই অস্ট্রেলিয়া দল এগিয়ে যাবে, আমি সেই কাজটি ভালোবেসেই করব।' ল্যাঙ্গার আরও বলেন, 'আমি ভারতের সঙ্গে সিরিজ হারটা মেনে নিতে পারিনি। কেউই হারতে পছন্দ করে না। আমি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এবং আমি নিজের কাজকে ভালবাসি, অস্ট্রেলিয়ান ক্রিকেট দলকে ভালবাসি, আমি খেলোয়াড়দের আর অস্ট্রেলিয়ান ক্রিকেটকে ভালবাসি। এগুলিই আমার জীবনের সবচেয়ে বেশি মূল্যবান। আমি গত তিন বছরে খুব ভাল কাজ করেছি বলেই মনে করি। আর এর ফলই সবাই ভোগ করছে। এ কারণেই হয়তো অজি কোচ হিসেবে আমার মেয়াদ বাড়তে পারে।'