হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইজকে হত্যায় জড়িতদের মধ্যে ২৬ জন কলম্বিয়ান ও ২ জন আমেরিকান-হাইতিয়ান জড়িত ছিলেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। হত্যার পরিকল্পনাকারীদের ধরতে চলমান অভিযানে এসব তথ্য বের হয়ে এসেছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ১৫ কলম্বিয়ানও ২ আমেরিকান হাইতিয়ান নাগরিকসহ গ্রেপ্তার হওয়া ১৭ জনকে সাংবাদিকদের সামনে হাজির করেন দেশটির পুলিশ প্রধান চার্লস লিওন। সেখানে কলম্বিয়ান পাসপোর্ট, অস্ত্র, ওয়াকি টকিসহ হামলায় ব্যবহার হওয়া বিভিন্ন সরঞ্জামও সামনে আনা হয়। এ সময় তিনি অভিযোগ করেন বিদেশি নাগরিকরা তাদের দেশে এসে এই হত্যাকা- ঘটিয়েছে। এছাড়াও হত্যায় জড়িত আট ব্যক্তি পলাতক রয়েছে বলে জানান তিনি। এদিকে কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন প্রাথমিক তদন্তে কলম্বিয়ার সাবেক সামরিক বাহিনীর সদস্যদের যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে যুক্তরাষ্ট্র এখনো তাদের কোন নাগরিকের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেনি। এর আগে গত বুধবার হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইজকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। সেসময় দেশটির কর্তৃপক্ষ দাবি করেছিল, বিদেশে প্রশিক্ষিত আততায়ীরা এ হত্যাকা-ে জড়িত।