দ্বিতীয় দফা কঠোর লকডাউনের ১ম দিন বৃহস্পতিবার পাবনার চাটমোহরে প্রশাসন ছিলো কঠোর অবস্থানে। বিশেষ করে উপজেলার বাসিন্দাদের করোনা বিষয়ে সচেতন করতে ও সরকারি বিধিনিষেধ প্রতিপালনের আহবান জানিয়ে বৃহস্পতিবার সকালে থানা পুলিশ মহড়া দিয়েছে। পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের নির্দেশে স্থানীয় বাসস্ট্যান্ড হতে পুলিশ সদস্যরা মহড়া দিয়ে বিভিন্ন অঞ্চলে ঘুরে জনসাধারণকে ঘরে থাকার আহবান জানান। মহড়ায় নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন ও থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন।
এদিকে করোনা প্রতিরোধে লকডাউন চলাকালে পুলিশের চেকপেএস্ট আইন অমান্যকারীদের পড়তে হচ্ছে জরিমানাসহ নানা ঝামেলায়। মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে থানা পুলিশ সড়কে চলা অটোভ্যানের যাত্রী, মোটর সাইকেল আরোহী এবং পথচারীদের দাঁড় করিয়ে সঠিক কারণ যাচাই করছেন। নানা প্রশ্নের সম্মুখিন হতে হচ্ছে আইন শৃঙ্খলাবাহিনীর কাছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন ইসলাম সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের নিয়ে নিয়ে টহল অব্যাহত রেখেছেন। তবে অলিগলিতে চলছে আড্ডা। প্রশাসনের গাড়ী আসলেই তারা সরে পরে, গাড়ী চলে গেলে আবারও আড্ডায় মেতে ওঠে বিভিন্ন বয়সী মানুষ। পুলিশ প্রতিটি যানবাহনের চালক ও গাড়ীর বৈধ কাগজপত্রমবাড়ির বাইরে বের হবার কারণ সনাক্ত করছে।