চলতি লকডাউনে উম্মুক্ত স্থানে না গিয়ে পূর্বের ন্যায় স্বস্ব দোকান ও স্থানে বসে বেচা-কেনা করার দাবিতে পাবনার সুজানগর পৌর বাজারের সবজি ব্যবসায়ীরা তাদের সবজি দোকান বন্ধ করে দিয়েছেন। এতে পৌরবাসীকে পৌর বাজারের বাইরের হাট-বাজারে গিয়ে সবজি কিনতে দুর্ভোগে পড়তে হচ্ছে।
পৌর বাজার সবজি ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান বলেন করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে পাবনা শহরের বড় বাজারের সবজি ব্যবসায়ীরা উম্মুক্ত স্থানে না গিয়ে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত স্বস্ব দোকান ও প্রতিষ্ঠানে বসে বেচা-কেনা করছেন। এমনকি জেলার অন্যান্য উপজেলার সবজি ব্যবসায়ীরাও আগের মতোই স্বস্ব দোকান ও স্থানে বসে সবজি বেচা-কেনা করছেন। শুধু তাইনা পাইকারী সবজি ব্যবসায়ীরাও স্বস্ব প্রতিষ্ঠানে বসে পাইকারী বেচা-কেনা করছেন। প্রতিদিন হাজার হাজার ক্রেতা-বিক্রেতা সেখানে স্বাস্থ্যবিধি মেনে কেনা-কাটা করছেন। অথচ সুজানগরের স্থানীয় প্রশাসন সুজানগর পৌর বাজারের সবজি ব্যবসায়ীদের পৌর বাজারের বাইরে একটি উম্মুক্ত স্থানে গিয়ে সবজি ব্যবসা করার নির্দেশনা দিয়েছেন যা, জেলা শহরের বাজারের সাথে সামঞ্জস্যপুর্ণ নয়। সবজি ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন সবজি পচনশীল দ্রব্য। চলতি বৃষ্টির মৌসুমে কোনভাবেই সবজি উম্মুক্ত স্থানে বসে বেচা-কেনা করা সম্ভব নয়। তাছাড়া উম্মুক্ত স্থানে বেচা-কেনা শেষে রাতে সেখানে সবজি দোকান রেখে আসাও নিরাপদ নয়। এমনকি প্রতিদিন দোকান বাড়িতে নিয়ে আসাও সম্ভব নয়। পাশাপাশি উম্মুক্ত স্থানে কোন পায়খানা বা প্রস্রাবখানারও ব্যবস্থা নেই। সবমিলিয়ে উম্মুক্ত স্থানে বসে কোন স্থায়ী ব্যবসা-বাণিজ্য করা সম্ভব নয়। সেকারণে আমরা স্থানীয় প্রশাসনের কাছে আগের মতো নিরাপদ পৌর সবজি বাজারে স্বস্ব দোকানে বসে স্বাস্থ্যবিধি মেনে সবজি ব্যবসা করার দাবিতে দোকানপাট বন্ধ রেখেছি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী বলেন সরকারি নির্দেশনা বাস্তবায়ন করা প্রশাসনের দায়িত্ব। সুতরাং কেউ দোকান বন্ধ রাখলেও সরকারি নির্দেশনা উপেক্ষা করার কোন সুযোগ স্থানীয় প্রশাসনের নেই।