পাবনার চাটমোহরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনলাইনে পশুর হাট চালু করেছে উপজেলা প্রাণিসম্পদ অফিস। করোনা পরিস্থিতির কারণে যদি ঈদুল আজহা পর্যন্ত লকডাউন স্থায়ী হয় তাহলে পশু বেচাকেনায় সমস্যায় পড়বেন খামারি ও কৃষকেরা। এ কারণে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান ফেসবুকে অনলাইন পশুর হাট “ কোরবানি পশু বেচাকেনার ডিজিটাল হাট” নামে একটি গ্রুপ খুলে এই হাট চালু করেছেন।
অনলাইন পশুর হাট গ্রুপে গরু,মহিষ,ছাগল ও ভেড়া পালনকারীদের পশুর ছবিসহ বিভিন্ন তথ্য রয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা আশাবাদী অনলাইন পশুর হাটে ব্যাপক সাড়া পাওয়া যাবে।
উপজেলার প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় খামারি ও কৃষকদের বাড়িতে সরকারি হিসাবে ২৬ হাজার ১৭৫টি পশু রয়েছে। পশুর হাট নামের এই অনলাইন গ্রুপের মাধ্যমে ক্রেতা-বিক্রেতারা সহজেই গবাদিপশু কেনাবেচা করতে পারবেন। প্রাণিসম্পদ অফিস খামারি ও পশু পালনকারীদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করে ক্রেতাদের কাছে এসব প্রাণী পৌঁছে দেবে।
উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান বলেন, ‘করোনা মহামারিতে ক্রেতা-বিক্রেতাদের কথা বিবেচনা করে অনলাইন পশুর হাট চালু করা হয়েছে। অনলাইন পশুর হাটের সফলতার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশাকরি অনলাইন হাটের মাধ্যমে অনেকেই কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারবেন।’ তিনি আরো জানান,পাবনা জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর “পাবনা ই-বাজার” নামে অন্য একটি অনলাইন প্লাটফরমও চালু করেছে।