পাবনার চাটমোহরে কোরবানির জন্য ২৬ হাজার গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। চাহিদা অনুযায়ী এসব পশু পাওয়া যাবে অনলাইন বাজারে,সীমিত আকারে কোরবানির হাট,খামার বা বাড়িতে। স্বাস্থ্যবিধি ও সরকারি নিয়মনীতি মেনে কোরবানির জন্য চাটমোহরে পশুর হাট প্রস্তুত রাখা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর বলছে, গরু, ছাগল, ভেড়া, মহিষ ও অন্যান্য পশুসহ চাটমোহরে এবার মোট ২৬ হাজার ১৭৫টি পশু রয়েছে, যা কোরবানি উপলক্ষে বিক্রি হবে।
প্রাণিসম্পদ দপ্তর থেকে কোরবানির প্রস্তুতি নিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার ঈদুল আজহায় গরু (ষাঁড়, বলদ ও গাভি) ১০ হাজার ৬৮,ছাগল ১৩ হাজার ৫২১, ভেড়া ২ হাজার ৬১৪, মহিষ ৩৬৩ ও অন্যান্য ৫টি পশু কোরবানীর জন্য তৈরি। দেশীয় পশু দিয়েই কোরবানির চাহিদা মিটবে। তাই ভারত থেকে পশু আনার প্রয়োজন পড়বে না। দেশের গরু দিয়ে চাহিদা মিটবে।
গরু ও খামার মালিকেরা বলছেন, গত বছর চাটমোহরসহ আশপাশের হাটে কোরবানীর গরু,মহিষ,ছাগল বিক্রি করা হয়েছিল। গত এক বছর ধরে গবাদি পশুগুলো লালন পালন করতে হয়েছে। এতে তাঁদের বিনিয়োগ বেড়ে গেছে। এবার মহামারী করোনার কারণে পশু হাট না বসলে তারা লোকসানে পড়বেন। কারণ ছোট-বড় প্রায় সব খামারি ঈদ উপলক্ষে তাঁদের উৎপাদিত গবাদিপশু বিক্রি করার প্রস্তুতি নিয়েছেন। অনেকে বিক্রি শুরু করেছেন।
চাটমোহরের অমৃতকুন্ডা পশুর হাটের ইজারা কমিটির মহরম মল্লিক বলেন,স্বাস্থ্যবিধি ও সরকারি নিয়মনীতি মেনে পশুর হাট প্রস্তুত রাখা হয়েছে। সরকারি নির্দেশনা মেনে স্থানীয়ভাবে আমরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী হাটে পশু বিক্রির ব্যবস্থা করব।'
চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ রোকনুজ্জামান বলেন, এই উপজেলায় গত বছর করোনার কারণে পশুর চাহিদা কম ছিল। বাজারে দাম শুরুতে কম থাকলেও শেষ দিকে দেখা যায় হাটে গবাদিপশু কম, ক্রেতা বেশি। এতে দাম অনেক বেড়ে যায়। এ বছর চাহিদা অনুযায়ী হাটে পশু পাবেন ক্রেতারা। তাছাড়া জেলা প্রাণিসম্পদ দপ্তর ও জেলা প্রশাসন পাবনা ই-বাজার নামে অনলাইন ফ্লাটফরম গ্রুপ তৈরি করেছেন। সেখান থেকে ক্রেতারা পছন্দমত গরু বাছাই করতে পারবেন। তাছাড়া চাটমোহর প্রাণিসম্পদ দপ্তর ‘কোরবানীর পশু কেনাবেচার ডিজিটাল হাট” নামে একটি অনলাইন পেইজ খোলা হয়েছে। সেখানে গরুর ছবিসহ খামারীর নাম ও মোবাইল নম্বর দেওয়া আছে। ক্রেতারা সেখান থেকে গরু,ছাগল কিনতে পারবেন।