নেত্রকোনার দুর্গাপুরে ৬ দিন শিকলবন্দী থাকার পর বনে অবমুক্ত করা হয়েছে বন্য শিয়াল ও বানরকে। একই দিন খাদ্যের সন্ধানে লোকালয়ে উদ্ধারের পর বনে ছেড়ে দেয়া হয়েছে বিলুপ্তি প্রজাতি আরেকটি লজ্জাবতী বানরকে। স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রাণিগুলোকে বনে ছাড়ার কাজ করে যাচ্ছেন বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্যা এনিমেলস অফ সুসং সংগঠনের সদস্যরা।
জেলা দুর্গাপুরে মানুষের জালে বন্ধ থাকার দীর্ঘ ছয় দিন পর মুক্ত হলো বিরল প্রজাতির একটি শিয়াল ও একটি বানর। রোববার দুপুরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বন বিভাগ ও বন্যপ্রানি রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে অবমুক্ত করা হয় প্রানিগুলোকে।
এর আগে গত মঙ্গলবার ৩০জুন বিকালে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রকোনা মায়ানগর গ্রামের পাশে আত্রাইখালী নদী থেকে স্থানীয় কয়েকজন যুবক পানি থেকে বানরটিকে উদ্ধার করে কোমরে মোটা লোহার শিকল বেঁধে রাখে। একই দিন মানুষের নির্মম মানসিকতার শিকার হয় আরো একটি বন্য শিয়াল। শিয়ালটিকে নির্মমভাবে পিটিয়ে আহত করে কাঁঠাল গাছের শিকড়ের সাথে বেঁধে রাখেন স্থানীয়রা। গত শুক্রবার ২ জুলাই প্রাণিগুলোকে আটকে রাখার খবর স্থানীয় বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠনের সেভ দ্যা এনিমেলস অফ সুসং সদস্যরা জানতে পেরে সেগুলোকে উদ্ধার করার জন্য গ্রামের এই বাড়িতে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে। তবে স্থানীয় আবু হানিফা সহ কয়েকজন যুবকের বাঁধার কারণে প্রাণিগুলোকে অবমুক্ত জন্য একাধিকবার চেষ্টা করেও শেষ পর্যন্ত ফিরে আসতে হয় তাদের। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আনলে তিনি প্রাণীগুলোকে দ্রুত অবমুক্তর জন্য স্থানীয়দের সময়সীমা বেঁধে দেন। নির্ধারিত সময়েও প্রাণীগুলো অবমুক্ত না করায় রোববার প্রাণীগুলো অবমুক্তির জন্য অভিযান চালানো হয় উপজেলার চন্দ্রকোনা মায়ানগরের গ্রামের আইয়ুব আলীর বাড়িতে।
এদিকে প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে আগেই স্থানীয়রা বানরটিকে থেকে ছেড়ে দিলেও গাছের সাথে বেঁধে রাখে শিয়ালটিকে। পরে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ ৬ দিন পর শিয়ালের গলা থেকে রশি কেটে অবমুক্ত করা হয়। একই দিন সদর ইউনিয়নের একটি গ্রাম থেকে খাবারের সন্ধানে লোকালয়ে এসে ধরা পড়ে আর একটি বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর। পরে স্থানীয়দের সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন ও বনবিভাগের সদস্যরা প্রাণীটিকে নিরাপদে বনে ছেড়ে দিয়ে আসেন।
পাহাড়ি সীমান্তবর্তী এই উপজেলায় দুই ইউনিয়ন বড় বড় পাহাড় ও জঙ্গলে ভেড়া থাকায় প্রায়ই এখান থেকে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। গত এক বছরে এই সংগঠনটি বেশ কয়েকটি অজগর সাপ লজ্জাবতী বানর সহ বন্যপ্রাণী বনে অবমুক্ত করে আসছিল।