বিরলের ধর্মপুর ইউনিয়নের বনগাঁও মৌজায় হায়াত আলীর প্রায় ১ একর জমির আউশ ধান ক্ষেত পূর্ব শত্রুতার জের ধরে রাসায়নিক প্রয়োগে নষ্ট করে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। হায়াত আলী একই গ্রামের মরহুম আবদুস সালাম এর ছেলে।
থানার অভিযোগে হায়াত আলী জানিয়েছে, চলতি আউশ (বর্ষালী) মৌসুমে প্রায় ১ একর জমিতে কটরা পারি জাতের ধান আবাদ করেছিলেন তিনি। ধানের ফলন খুবই ভালো হয়েছিল। ধান পাকা শুরু করায় আর ক’দিন বাদেই ধান কেটে ঘরে তুলতেন। ধান পাকার আগ মুহুর্তে গত ০৪ জুলাই রোববার রাতে একই গ্রামের মৃত সোয়েব আলীর ছেলে ইউসুফ আলী ও তাঁর ছেলে নাজিম এবং নিজাম সঙ্গীয় ১০/১২ জন লোক সাথে নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ধান ক্ষেতটিতে রাসায়নিক পদার্থ স্প্রে করে। এ সময় হায়াত আলীর ছেলে নাসিম ও একই এলাকার মাহাবুল হকের ছেলে ওয়াসিম ধান ক্ষেতে লোকজন দেখে টর্চ লাইটের আলো দিলে সকলে দৌড়ে পালিয়ে যায়। পরদিন সোমবার সকাল হতে হতেই ধান ক্ষেত পেকে বিবর্ণ হতে শুরু করে। রাসায়নিক পদার্থ প্রয়োগের ফলে ধান ক্ষেত নষ্ট হয়ে আনুমানিক প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে উল্লেখিতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে হায়াত আলী তদন্ত সাপেক্ষে রাসায়নিক পদার্থ প্রয়োগকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।