গত বেশ কিছুদিন ধরেই শুধু নেতিবাচক খবরের শিরোনাম হচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেট। তাদের বোর্ডে দুর্নীতি, ফিক্সিংয়ের অভিযোগ, ক্রিকেটারদের বিদ্রোহ আর বাজে পারফর্মেন্স মিলিয়ে দ্বীপরাষ্ট্রের ক্রিকেট এখন মহাসংকটে। এর মাঝেই খবর এলো, ক্রীড়ামন্ত্রীকে ঘুষ দেয়ার চেষ্টা করতে গিয়ে নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক পারফরম্যান্স অ্যানালিস্ট সনাৎ জয়সুন্দর! ২০১৯ সালে জয়সুন্দরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। এরপর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। যেকোনভাবে প্রভাব বিস্তার অথবা আন্তর্জাতিক ম্যাচের ফলাফলসহ ম্যাচের নানান দিক নিয়ন্ত্রণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত ছিলেন তিনি। কিন্তু তিনি বারবার ইচ্ছাকৃতভাবে তদন্ত কাজ পিছিয়েছেন। শেষ পর্যন্ত সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জয়সুন্দরকে নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসির ইন্টেগ্রিটি ইউনিট। মন্ত্রীকে ঘুষ দেওয়ার চেষ্টার অপরাধে জয়সুন্দরকে ৭ বছর সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে। এই শাস্তি অবশ্য ২০১৯ সাল থেকেই কার্যকর ধরা হবে। মানে প্রায় তিন বছর তার সাজা কাটানো হয়ে গেছে। আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেছেন, 'জয়সুন্দরের মন্ত্রীকে ঘুষ দেয়ার চেষ্টা করা একটি গর্হিত অপরাধ। একই সময় নিজের অপরাধ ঢাকতে নানান কৌশল অবলম্বন করা বেশ হতাশাজনক।'