১৯৬৮ সালের পর উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন সুইস সেনসেশন রজার ফেদেরার। আগামী মাসে ৪০ বছরে পা রাখতে যাওয়া ফেদেরার সোমবার চতুর্থ রাউন্ডের ম্যাচে ইতালির লোরেঞ্জো সোনেগোকে ৭-৫, ৬-৪, ৬-২ গেমের সরাসরি সেটে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট পান। এ নিয়ে ১৮ বারের মতো অল ইংল্যান্ড ক্লাবের শেষ আটে জায়গা করে নিলেন ফেদেরার। আগামী বছর থেকে মধ্য রবিবারেও ম্যাচ থাকবে। সাধারণত এ দিনটি রেস্ট ডে হিসেবে বিবেচিত হয়। ফেদেরার বলেন, 'মিডল সানডে'তে খেলতে পারার আনন্দই ভিন্ন। এতে করে আরো বেশি দর্শক টুর্নামেন্টটি উপভোগের সুযোগ পাবে। আমি সত্যিই ম্যাচটি বেশ উপভোগ করেছি। প্রথম সেটের পর আমার মনে হয়েছিল সব কিছু নিয়ন্ত্রনে চলে এসেছে। কোয়ার্টারে খেলতে পারাটা আমাকে নতুন করে কোনো আনন্দ দিচ্ছে না।' ক্যারিয়ারে এ নিয়ে গ্র্যান্ড স্ল্যামে ৫৮তম কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন সুইস তারকা। আটবারের উইম্বলডন বিজয়ী ফেদেরার সেমিফাইনালে দ্বিতীয় বাছাই ডানিল মেদভেদেভ ও ১৪তম বাছাই হুবার্ট হারকাজের মধ্যকার বিজয়ীর মোকাবেলা করবেন। রাতে বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হওয়ার আগ পর্যন্ত মেদভেদেভ হারকাজের বিপক্ষে ৬-২, ৬-৭ (২/৭), ৬-৩, ৩-৪ গেমে এগিয়ে ছিলেন। ফেদেরার বলেন, 'এই পরিস্থিতি একজন খেলোয়াড়ের জন্য মোটেই সুখকর নয়।'