রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জনের করোনা পজেটিভ ছিল এবং অন্য ১৫ জন রোগটির উপসর্গ নিয়ে মারা যান। এছাড়াও নমুনা পরীক্ষা অনুয়ায়ী রাজশাহীতে এক দিনের ব্যবধানে ৫.০৬ শতাংশ কমে করোনা শনাক্তের হার এসেছে ২৯.০৩ শতাংশ। আগের দিন রোববার ছিল ৩৪.০৯ শতাংশ।
এ তথ্য নিশ্চিত করে মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন, নাটোর ও নওগাঁর ২ জন করে এবং চাঁপাইনবাগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও জয়পুরহাটের ১ জন করে মারা যান। মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৬ জন নারী।
যাদের মধ্যে ১১ জনের বয়স ৬১ বছরের উপরে, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের ছিল ১ জন এবং ২১ থেকে ৩০ বছরের বয়সের ১ জন।। এ নিয়ে চলতি মাসের ৬ দিনে হাসপাতালটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০১ জনে। এদের মধ্যে ৩২ জনের করোনা পজেটিভ ছিল এবং অন্যরা রোগটির উপসর্গ নিয়ে মারা যান।
হাসপাতাল পরিচালক বলেন, গত ২৪ ঘন্টায় করোনায় এ হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ জন। আর একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৩ জন। মঙ্গলবার সকাল পর্যন্ত ৪৫৫ বেডের বিপরীতে করোনায় চিকিৎসাধীন আছেন ৪৮৯ জন। বাকিদের করোনা ওয়ার্ডের বারান্দা ও মেঝেতে অতিরিক্ত বেডের ব্যবস্থা করে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও ২০ শয্যা বিশিষ্ট আইউসিইউতে করোনায় চিকিৎসাধীন ১৯ জন।
তিনি বলেন, রাজশাহীতে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিপরীতে করোনাভাইরাসের সংক্রমণের হার কমেছে। একই সময়ে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের পৃথক দুইটি ল্যাবে এ জেলার ৬৫৮ জনের নমুনা পরীক্ষায় ১৯১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিন রোববার ছিল ৩৪.০৯ শতাংশ। ফলে এক দিনের ব্যবধানে ৫.০৬ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার হলো ২৯.০৩ শতাংশ।
এদিকে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতি রোধে সারা দেশের ন্যয় গত ১ জুলাই থেকে রাজশাহীতেও চলছে কঠোর লকডাউন। তবে মঙ্গলবার (০৬ জুলাই) কঠোর লকডাউনের ৬ষ্ট দিন দুপুর পর্যন্ত মহানগরী জুড়ে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। জরুরী প্রয়োজন ছাড়াও বিভিন্ন অজুহাতে তারা এদিন রাস্তায় বের হয়েছে। এদিন ব্যাটারি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত যানবাহনের সংখ্যা আগের চেয়ে অনেক বেশী দেখা গেছে। তবে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের কাছে কৈফিয়ত দিয়ে চলাচল করতে হচ্ছে।
এ বিষয়ে রাজশাহী জেলা নির্বাহী ম্যাজিস্টেট আবু আসলাম জানান, কঠোর লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ ও র্যাবের পাশাপাশি রাজশাহীতে ১১ প্লাটুন সেনা, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে কাজ করছে। এছাড়াও মাঠে রয়েছে ২২টি ভ্রাম্যমাণ আদালত। তিনি জানান, লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি না মানায় সোমবার ৮৭ জনের বিরুদ্ধ মামলা দিয়ে ৭৬ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে নগরীতে ২৬ জনের ২৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। বাকিটা উপজেলা পর্যায়ে। আইন অমান্য করে রাস্তায় থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদকালে মিথ্যার আশ্রয় নিয়েছে বা জরুরী প্রয়োজন ছাড়ই বের হয়েছে এমনটি বোঝা গেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।