সৈয়দপুরে জোরপূর্বক অন্যের জমি দখলে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে একদল ভূমিদস্যু। পরে জমির মালিককে ওই ভূমিদস্যুরা নানাভাবে অপমানিত ও লাঞ্ছিত করে। দুর্দান্ত প্রকৃতির ওই ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে ১৮ জনকে আসামি করে ২ জুলাই সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়। যার নম্বর ১৫০/২১। ওই মামলার সূত্র ধরে থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এ ঘটনাটি ঘটেছে গত ২৯ জুন সৈয়দপুর শহরের কয়া গোলাহাট শাল্টিয়া পাড়ায়। এ ব্যাপারে জমির মালিক অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট মো. আমিন উদ্দিন এর ছেলে আব্দুল্লাহ আল মামুন এক সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, হালিম ও আরফিনের পূর্ব পরিকল্পনায় আবদুস সালাম ও রাশেদুল গ্রুপ মিলে নারী পুরুষ প্রায় ২০ থেকে ২৫ জন আমার বাবার ক্রয় করা সম্পত্তি জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টা করে। তাদের প্রত্যেকের হাতে বাঁশের লাঠি, প্লাস্টিকের পাইপ ছিলো। এ অবস্থায় তারা আমাদের জমিতে জোরপূর্বক গাছ রোপণ করতে থাকে। এ খবর পেয়ে আমার ছোট ভাই সেখানে গিয়ে তাদেরকে বাধা দেয়। বাধা দেয়ার কারণে ওই ভূমিদস্যুরা তাকে মারপিট করে এবং সাথে থাকা তার মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে আমি জমির ওপর গেলে আমাকেও তারা মারপিট করে। কোদাল দিয়ে আমার মাথা কেটে ফেলবে এমন হুমকি দেয়। ওই সময় ভূমিদস্যুরা কয়েকজন নারীকে লেলিয়ে দিয়ে আমার ও আমার ভাইয়ের সাথে অযথা অনেকটা গায়ে পড়ে ঝগড়া লাগার চেষ্টা করে। তাদের উদ্ভট আচরণ দেখে আমরা সেখান থেকে বাসায় চলে আসি। ওই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আবদুস সালাম ও রাশেদুল নামে দুইজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। এদিকে মামলা তুলে নেয়া না হলে মিথ্যে নারী নির্যাতন মামলায় ফাসিয়ে আমাদের জেল খাটাবে এমন হুমকি দেয়া হচ্ছে বাদির পক্ষ থেকে অভিযোগ করা হয়।