কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন।
২০১৯-২০ সালে পাবনা জেলা পুলিশে পেশাগত দক্ষতা,যোগ্যতা,সততা,ভালো আচরণ,নেতৃত্বসহ শুদ্ধাচার চর্চা-বিষয়ক ১৯টি সূচকে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কার পেয়েছেন। সহকারী পুলিশ সুপার হিসেবে চাটমোহর সার্কেলে যোগদানের পর থেকেই সজীব শাহরীন পুলিশকে জনবান্ধন হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করেন। মাদক,ইভটিজিং এর বিরুদ্ধে জিরো টলারেন্স ওেঘাষনা করে চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর থানা এলাকাকে মাদকমুক্ত করতে কাজ করেন। সাধারণ মানুষ সহজেই যেকোন অভিযোগ নিয়ে এখন পুলিশের কাছে যেতে পারছেন। অপরাধীদের বিরুদ্ধে তাঁর ভূমিকা প্রশংসনীয়।
এক প্রতিক্রিয়ায় সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন বলেন,আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য আমি সততা ও নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করেছি। পুলিশের উপর সাধারণ মানুষের আস্থা বাড়ানোর চেষ্টা করেছি। শুদ্ধাচার পুরস্কার আমাকে আরো উৎসাহিত করেছে দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে।
উল্লেখ্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন জেলা/ইউনিটের ১-১০ গ্রেডের ৩৭ জন,১১-২০ গ্রেডের ৫১ এবং ইউনিট প্রধান হিসেবে ৭ জনসহ মোট ৯৫ জন (তন্মধ্যে নারী ৬ জন) কর্মকর্তা/কর্মচারীদের ২০১৯-২০২০ অর্থ বছরের শুদ্ধচার পুরস্কার প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে।