সারাদেশের ন্যায় নীলফামারীতেও চলছে কঠোর লকডাউন। দ্বিতীয় দিনে বিধি নিষেধ আইন অমান্য করায় যান চলাচলের কারণে ৭৫টি মামলা দায়ের করা হয়েছে। সাথে জরিমানা করা হয়েছে ৪৭ হাজার ৭শ টাকা। এ ছাড়া স্বাস্থ্য বিধি না মেনে হাট পরিচালনা করার দায়ে একটি হাটে ৫০ হাজার টাকার জরিমানা আদায় করা হয়। ১ জুলাই রাত ৮টা পর্যন্ত মামলা ও জরিমানা আদায় করা হয়। বিধিনিষেধের দ্বিতীয় দিনে সকাল থেকে জেলা জুড়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব টহল অব্যাহত রাখে। মানুষকে সচেতন করতে পুলিশ, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে ছিল। পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। লকডাউনে সরকারি নির্দেশনা মানাতে পুরো জেলায় ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে। লকডাউন অমান্য করে যারা ঘরের বাইরে আসছে এবং স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করছে তাদের বিভিন্ন ধরনের মামলার পাশাপাশি জরিমানা আদায় করছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের সুত্র জানায়, ভ্রাম্যমান আদালতের অভিযানে জেলা সদরে ৬ মামলায় ২ হাজার ৫শ টাকা, ডিমলা উপজেলায় ৩ মামলায় ২০ হাজার টাকা, জলঢাকা উপজেলায় ২৯ মামলায় ২০ হাজার ১শ ৭০ টাকা, কিশোরীগঞ্জ উপজেলায় ৮ মামলায় ১৯ হাজার টাকা, এবং সৈয়দপুর উপজেলায় ১৯ মামলায় ১৬ হাজার ১শ টাকা আদায় করা হয়।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি,র্যাব ,আনসার জেলা ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছেন। জেলার সবখানে দায়িত্ব পালনের পাশাপাশি সচেতনতা সৃষ্টি এবং মাস্ক বিতরণ করা হচ্ছে। এদিকে স্বাস্থ্য বিধি না মেনে হাট পরিচালনা করায় ভ্রাম্যমান আদালত ডোমার উপজেলায় বসুনিয়া হাটের পরিচালনা কমিটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড মো. মনোয়ার হোসেন আদালত পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ আদালত পরিচালনায় সহযোগীতা করে।
সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেন জানান, স্বাস্থ্য বিধি না মেনে বসুনিয়া হাট পরিচালনা করায় ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সাথে উপজেলার বিভিন্ন স্থানে অযথা বাহিরে ঘুরে বেড়ানো ও মাস্ক এবং হেলমেটবিহীন মটরসাইকেল চলাচলের জন্য ১০ জনকে ৫ হাজার ১শ টাকা জরিমানা করা হয়।