নওগাঁর মহাদেবপুরে রোববার (৪ জুলাই) নতুন করে চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। এরা হলেন, উপজেলা সদরের লিচুবাগান এলাকার উপজেলা আয়কর ও ভ্যাট অফিসের কর্মকর্তা আবদুল হামিদের ছেলে আনোয়ার হোসেন (৪২), উপজেলা ব্র্যাক অফিসের কর্মকর্তা কমর উদ্দিনের স্ত্রী মনিরা খাতুন (৩৩), উপজেলা সদরের গার্লস স্কুলপাড়ার মঈনুল ইসলামের স্ত্রী বিলকিস জাহান (৩৯) ও সদর ইউনিয়নের বকাপুর গ্রামের রেজাউল ইসলাম (৫৫)।
এদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে সাতটি নমুনা পরীক্ষা করে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে শেষজনের নমুনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪২ দশমিক ৮৫ ভাগ। শনিবার এখানে ১৭ জনের নমুনা পরীক্ষায় মাত্র দুইজন শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১১ দশমিক ৭৬ ভাগ।
এনিয়ে এই উপজেলায় মোট আক্রান্ত হলেন ৪৩৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৯৯ জন। আর মারা গেছেন ১১ জন। ফলে এখনও করোনা আক্রান্ত রয়েছেন ১২৬ জন।