কঠোর লকডাউনের মধ্যেও পাবনার চাটমোহর উপজেলার সর্ববৃহৎ সাপ্তাহিক হাট অমৃতকুন্ডা (রেলবাজার) হাটে রোববার (৪ জুলাই) ব্যাপক জনসমাগম হয়। স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনার কথা থাকলেও হাটের ইজারাদার শনিবার দিবাগত রাত ১১টার দিকে মাইকে প্রচার করে হাট বসার জন্য। রোববার সকালে হাট এলাকায় গিয়ে দেখা যায় কোথাও কোন স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাট এলাকায় মানুষ ও যানবাহন চলাচল সীমিত করার চেষ্টা করে। গরু হাটে গরুর আমদানি কম থাকলেও বকরীর হাটে ছিল প্রচুর ভিড়। পাট,ধান,চাউল.কাঁচা তরিতরকারিসহ কাপড়ের হাটে ভিড় ছিল। হাজার হাজার মানুষ হাটে আসলেও অনেকের মুখে মাস্ক ছিলনা। পাবনা জেলায় বর্তমানে করোনা সংত্রমণের গতি উর্ধ্বগতি। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সৈকত ইসলাম বলেন,নিয়মিত হাট বন্ধের বিষয়ে কোন নির্দেশনা নেই। তবে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হাট-বাজার চলবে। চাটমোহরের সর্ববৃহৎ এই হাট,এখানে আমরা নজরদারি করছি।