ছাউনির টিনে মরিচা ধরে বিভিন্ন স্থানে ছিদ্র হয়ে গেছে। বৃষ্টি এলে ওইসব ফুটো দিয়ে ঝরঝর করে পানি পড়ে ঘরের ভেতর। ভিজে যায় চাল, ডালসহ আসবাবপত্র। রাতের বৃষ্টিতে নির্ঘুম রাত কাটাতে হয়। ঘরের জিনিসপত্র রক্ষায় ফুটো স্থানগুলোতে হাড়ি-পাতিলসহ বিভিন্ন বাসন পেতে পানি আটকানোর আপ্রাণ চেষ্টা চলে। পানি আটকাতে অনেকে আবার ঘরের ভেতর টাঙিয়ে দিয়েছেন পলিথিন।
এ চিত্রটি নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালিসফা আশ্রয়ণ পল্লীর। পল্লীর ভেতরে রয়েছে ৮ বিঘা আয়তনের একটি পুকুর। এই পুকুরপাড়ের চারপাশে সরকারি অর্থায়নে অসহায় দরিদ্র মানুষদের মাথা গোঁজার ঠাঁই করে দেওয়া হয়েছে।
রাস্তা না থাকায় বর্ষা মৌসুমে পল্লীর বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টি হলেই ঘরের বাইরে কাদায় একাকার হয়ে যায়। এতে করে তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন না। স্যানিটেশনেরও বেহাল অবস্থা। ভেঙেচুরে নষ্ট হয়ে গেছে। সেখানে থেকে অনবরত ছড়াচ্ছে দুর্গন্ধ। এর মধ্যেই অত্যন্ত অস্বাস্থ্যকর ও ঘিঞ্জি পরিবেশে বসবাস করছেন শতাধিক পরিবার।
জানা যায়, আবাসন ও আত্মসংস্থানমুলক কর্মসূচি ‘আশ্রয়ন প্রকল্প’ এর আওতায় ১৯৯৮-৯৯ অর্থ বছরে কালিসফা গ্রামে অসহায় হতদরিদ্র মানুষের জন্য সাতটি ব্যারাক নির্মাণ করা হয়। প্রত্যেকটি ব্যারাকে ছিল ১০টি করে শয়নঘর। ব্যারাকে ৫ পরিবারের জন্য তৈরি করা হয় একটি করে ল্যাট্রিন এবং ১০ পরিবারের জন্য একটি নলকূপ। কাজটি সমাপ্ত হলে রান্নাঘর ছাড়াই এলাকার ৭০টি পরিবারকে তুলে দেওয়া হয় এই আশ্রয়ণ পল্লীতে। বাংলাদেশ সেনাবাহিনী বগুড়া অঞ্চল কাজটি বাস্তবায়ন করে।
পল্লীর বাসিন্দা সাবিনা বিবি জানান, ব্যারাকগুলো নির্মাণের সময় কাঠের ফ্রেমের ওপর টিনের ছাউনি দেওয়া হয়েছিল। কিন্তু ২০১৪ সালে কালবৈশাখী ঝড়ে টিনের ছাউনিগুলো উড়ে যায়। পরবর্তীতে কাঠের ফ্রেম সরিয়ে লোহার এ্যাংগেলের ওপর স্থাপন করা হয় কাঠের ফ্রেমের ওপর থেকে খুলে নেওয়া পুরাতন টিন। পুরাতন টিনের ওপর স্ক্রু বসানোর কারণে অল্পদিনেই ফুটো হয়ে এসব স্থান দিয়ে ঘরের ভেতর পানি পড়তে থাকে।
পল্লীর আরেক বাসিন্দা বেগম বিবি বলেন, কোনো কারণে বৃষ্টির সময় বাড়িতে না থাকলে চাল, ডাল, বিছানাসহ ঘরের অন্যান্য আসবাবপত্র ভিজে যায়। বর্ষায় তাদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। বর্তমানে পল্লীর প্রত্যেকটি ঘরের ভেতর পলিথিন টাঙিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টি চলে গেলে পলিথিনে আটকে থাকা পানি সরিয়ে নেওয়া হয়।
বিধবা রেজিয়া বিবি জানান, স্বামী আলম সরদারের মৃত্যুর পর দুইছেলে বিয়ে করে পৃথক সংসার করছে। বিধবাভাতাই তার জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। এ অবস্থায় ঘর মেরামত করার মতো অর্থ তার হাতে নেই। তিনি আরও বলেন, পল্লীর লোকজন কৃষিকাজ, ভ্যান ও আটো চালিয়ে সংসার পরিচালনা করেন। তার মতো অন্য সকলের অবস্থাও একই রকম।
এ পল্লীতেই বেড়ে উঠছেন সাগর হোসেন (১৭) ও শফিকুল ইসলাম (১৭) নামে দুই তরুণ। তারা দুইজনেই উপজেলার চকগোপাল উচ্চবিদ্যালয় থেকে ২০২০ সালে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়ে সাফল্যের সঙ্গে এসএসসি পাস করেন। এর মধ্যে সাগর হোসেন ভর্তি হয়েছেন রাজশাহী সরকারি মডেল স্কুল ও কলেজে। আর শফিকুল ভর্তি হয়েছেন উপজেলার উত্তরা ডিগ্রি কলেজে।
শিক্ষার্থী সাগর হোসেন বলেন, উচ্চ শিক্ষার আশা ছিল। কিন্তু প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে অর্থ। কৃষক বাবা বাবুল হোসেনের পক্ষে তার লেখাপড়ার খরচ যোগানো সম্ভব নয়। তাই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে চান। এই শিক্ষার্থী আরও বলেন, শুধুমাত্র অর্খ সংকটের কারণে এ পল্লীর ছেলেমেয়েরা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
মুক্তিযোদ্ধা উজির উদ্দিন প্রামানিক বলেন, তিনিও এ পল্লীর একজন বাসিন্দা। বর্তমানে এখানকার লোকজন অত্যন্ত ঘিঞ্জি পরিবেশে বসবাস করছেন। বর্ষা মৌসুমের অধিকাংশ সময়ই কাদা ভেঙে চলাফেরা করতে হয়। পুরোনো ল্যাট্রিনগুলো থেকে দুর্গন্ধ ছড়িয়ে বসবাসের পরিবেশ নষ্ট করছে। পল্লীর বাসিন্দাদের স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের জন্য পুকুরের চারপাশ দিয়ে রাস্তা নির্মাণসহ জরুরী ভিত্তিতে ঘর ও ল্যাট্রিনগুলোর সংস্কারের দাবি জানান তিনি।
এ প্রসঙ্গে ভারশোঁ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পল্লীর বসতঘরগুলোর বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। ল্যাট্রিনগুলোর অবস্থাও ভালো নয়। একবার সংস্কার করে দেওয়া হলেও আবারো সেগুলো নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে।
তিনি আরও বলেন, যাতায়াতের সুবিধার্থে কালিসফা বটতলী মোড় থেকে আশ্রয়ণ পল্লী পর্যন্ত ৪৬৫ ফুট রাস্তায় ইট সোলিং এর কাজ শুরু করা হয়েছে। আগামীতে পল্লীর পুকুরপাড়ের চারদিকে দিয়ে রাস্তা নির্মাণ করারও পরিকল্পনা রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে কালিসফা আশ্রয়ণ প্রকল্পের বসতঘর নির্মাণ করা হয়েছিল। বর্তমানে ছাউনি টিনগুলো ছিদ্র হয়ে গেছে। টিনসহ অর্থ বরাদ্দ চেয়ে ওপর মহলে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই সংস্কার কাজটি বাস্তবায়ন করা হবে।