পাবনার সুজানগরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন কার্যকর করতে পুলিশের কড়া নজরদারি চলছে। গতকাল রোববার সপ্তাহ ব্যাপি লকডাউনের চতুর্থদিন সকাল ৮টায় সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম এবং সুজানগর থানার কর্মকর্তা ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য লকডাউন কার্যকর করতে মাঠে নামেন। তারা পাবনা-সুজানগর প্রধান সড়কের পাশাপাশি সুজানগর পৌর বাজারের প্রতিটি গলিতে গলিতে মাইকিং করে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশা বাস্তবায়ন করতে জোর তৎপরতা চালান। এ সময় নিত্যপণ্যের দোকানপাট এবং জরুরীসেবাদানের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ব্যতীত বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। লকডাউন চলাকালে জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বাজারে ঢুকতে দেইনি পুলিশ। শুধু তাইনা পুলিশি তৎপরতার কারণে পাবনা-সুজানগর সড়ক এবং পৌর শহরের অভ্যন্তরীণ সড়কে ২/৪টি ভ্যান ও রিকশা ছাড়া অন্য কোন যানবাহন চলতে পারেনি। যে ২/৪টি ভ্যান ও রিকশা চলছে তাতেও ২জন যাত্রীর বেশি বহন করতে দেয়নি পুলিশ। সবমিলিয়ে সুজানগরে লকডাউন কার্যকর করতে পুলিশ ছিল আপোষহীন। সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম বলেন দেশের কোথায় কিভাবে লকডাউন কার্যকর হচ্ছে সেটা আমার দেখার বিষয় নয়, আমি আমার সার্কেলে সরকারি নির্দেশনার আলোকে লকডাউন কার্যকর করতে দৃঢ় প্রতিজ্ঞ।