করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের বিধি নিষেধ দেশব্যাপি একই রকম হওয়ার কথা থাকলেও পাবনার সুজানগর পৌর শহর ও পাবনা শহরের চিত্র ভিন্ন ভিন্ন। এমনকি জেলার অন্যান্য উপজেলার চিত্রও সুজানগরের চেয়ে আলাদা। পাবনা শহরে নিত্যপণ্যের সকল দোকানপাট সকাল ৮থেকে বিকাল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকলেও সুজানগর পৌর শহরে বন্ধ রয়েছে। আর নিত্যপণ্যের দোকানপাট বন্ধ থাকায় সুজানগর পৌরবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌর বাজারের বিশিষ্ট মুদি দোকানি সেলিম রেজা বলেন পাবনা শহরের বড় বাজারের মুদি দোকান, চাল, মাছ, মাংস এবং সবজিসহ সকল নিত্যপণ্যের দোকান খোলা রয়েছে। শুধু তাই না দোকানদাররা কোন উম্মুক্ত স্থানে না গিয়ে স্বাস্থ্যবিধি মেনে স্বস্ব দোকান ও স্থানে বসে বেচা-কেনা করছেন। এমনকি নিত্যপণ্যের বড় বড় পাইকারী দোকানও খোলা রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ স্বাস্থ্যবিধি মেনে ঐ সকলে দোকানে কেনা-কাটা করছেন। অথচ সুজানগরের স্থানীয় প্রশাসন নিত্যপণ্যের সকল দোকানপাট উম্মুক্ত স্থানে বসানোর নির্দেশ দেওয়ায় দোকানিরা নিরুপায় হয়ে তাদের নিত্যপণ্যের দোকান বন্ধ রেখেছেন। মুদি ব্যবসায়ী অশোক কুমার ও চাল ব্যবসায়ী হায়াত আলী বলেন নিত্যপণ্যের মধ্যে ২/১টি দোকান উম্মুক্ত স্থানে নিয়ে বেচা-কেনা করা গেলেও মুদি দোকান এবং চালের দোকান উম্মুক্ত স্থানে নেওয়া যায়না। তাছাড়া চলতি বৃষ্টির মৌসুমে কোনভাবেই ঐ সকল পণ্য উম্মুক্ত স্থানে নিয়ে যাওয়া সম্ভব নয়। তারা জেলা শহরের ন্যায় স্বস্ব দোকানে এবং স্থানে বসে স্বাস্থ্যবিধি মেনে দোকানদারি করতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে নিত্যপণ্যের দোকানপাট বন্ধ থাকায় সুজানগর পৌরবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকে নিরুপায় হয়ে পৌর শহরের বাইরে গিয়ে কেনা-কাটা করছেন। পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা আক্কাছ আলী ও আব্দুল কদ্দুস বলেন সুজানগর পৌর বাজারের দোকানপাট সম্পূর্ণ বন্ধ। ফলে তারা বাধ্য হয়ে পাবনা সদর উপজেলার তারাবাড়ীয়া বাজার থেকে চাল, ডাল, তেল ও লবণসহ অন্যান্য নিত্যপণ্য কেনা-কাটা করেন। এতে তাদের বাড়তি যানবাহন ভাড়া গুণতে হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী বলেন আমরা নিত্যপণ্যের দোকানপাট বন্ধ রাখতে বলি নাই, সরকারি নির্দেশনার আলোকে খোলা রাখতে বলেছি।