তিনি টেনিসের কিংবদন্তি। ৩৯ বছর বয়সেও টেনিস কোর্ট দাপিয়ে বেড়াচ্ছেন। সেই রজার ফেদেরার কেন বিশ্বকাপ ফুটবলের অপেক্ষা করবেন? তিনি তো আর ফুটবল খেলেন না। তবে তার দেশ সুইজারল্যান্ড ফুটবল খেলে। চলতি ইউরো থেকে স্পেনের কাছে টাইব্রেকারে হেরে গেলেও সবার প্রশংসা অর্জন করে নিয়েছে সুইস ফুটবল দল। বিশেষ করে তাদের গোলকিপার ইয়ান সামার তো প্রতিপক্ষের প্রশংসাও অর্জন করেছেন। প্রি কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে হারিয়ে অবাক করে দিয়েছিল সুইজারল্যান্ড। শুক্রবার স্পেনের বিরুদ্ধে পেনাল্টিতে গিয়ে হারতে হয় তাদের। দুর্র্ধষ স্প্যানিশ আক্রমণের বিপক্ষে ইয়ান সমারের লড়াইয়ে মুগ্ধ টেনিস তারকা রজার ফেদেরার। তার স্বপ্ন, আসন্ন কাতার বিশ্বকাপেও তার দেশ ভালো খেলবে। মুগ্ধ ফেদেরার টুইটারে লিখেছেন, 'সামাররা দুর্দান্ত খেছে। বিশ্বকাপের জন্য অপেক্ষা করছি। স্পেনও খুব ভাল খেলেছে।' এই মুহূর্তে উইম্বলডন খেলতে ব্যস্ত ফেদেরার। সব চেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে উইম্বলডনের তৃতীয় পর্বে উঠে গেছেন। পরের মাসে তার বয়স ৪০ বছর হয়ে যাবে। তবে এখনও ছন্দ ধরে রেখেছেন। এবারের উইম্বলডনেও সেই ঝলক দেখা যাচ্ছে। টুর্নামেন্ট নিয়ে ব্যস্ততার মাঝেও ফেদেরার নিয়মিত ইউরো কাপের খেলা দেখছেন। তবে নিজের দেশের ফুটবল দলের দারুণ পারফর্মেন্স দেখে তিনি উচ্ছসিত। এখন তার আশা, সুইস ফুটবল দল বিশ্বকাপে ভালো কিছু আশা করবে।