আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্য দিয়ে পাবনার চাটমোহরে চলছে ‘কঠোর’ লকডাউন। প্রধান সড়ক গুলোতে জন সমাগম নেই বললেই চলে। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই পৌর শহরের বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাইরে আসা লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন তারা। টহল দিয়েছে সেনা সদস্যরা।
লকডাউনের প্রথমদিন থেকেই চাটমোহরের সড়ক ও মহাসড়কে কোন গণপরিবহণ চলেনি। স্থানীয়ভাবে কিছু অটোভ্যান চলাচল করলেও তা তল্লাশী করা হয়েছে। পৌর শহরসহ উপজেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে চেক পোস্ট স্থাপন করেছে পুলিশ। দোকানপাট,শপিংমল,চাস্টল বন্ধ রয়েছে। যারা প্রয়োজনে রাস্তায় বের হচ্ছেন,তাদেরকে চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেলা শহরের সাথে উপজেলার যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মাঠে রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সৈকত ইসলাম,সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন,সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ শারমিন ইসলাম,চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেনকে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন সড়কের মোড়ে,শহরের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করতে দেখা গেছে। শনিবার পুলিশ চেকপোস্টে তল্লাশী চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়। কয়েকটি মোটরসাইকেলও আটক করা হয়েছে। এএসপি সজীব শাহরীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সর্বত্রই কড়া নজরদারি চলছে প্রশাসনের।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সৈকত ইসলাম বললেন,এবার করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আমাদের উপর যে নির্দেশনা এসেছে,তা কার্যকর করতে আইন অনুযায়ী কাজ করছি। তিনি এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।