দিনাজপুরের চিরিরবন্দরে মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে কলেজ শিক্ষক পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের নজিশাহ পাড়ায় ঘটেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, গত ২ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩ টায় মাদকাসক্ত ছেলে মোঃ রেজোয়ান হোসেন (২৫) ঘরের মধ্যে নেশা করার সময় তার পিতা বুঝতে পেরে দরজা খুলে দেখে বাধা দিলে ক্ষুদ্ধ হয়ে ওই মাদকাসক্ত ছেলে তার কলেজ শিক্ষক পিতা চিরিরবন্দর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক মোঃ এমদাদুল হক (৫৬) এর মাথায় ইট দিয়ে একাধিক আঘাত করে। এ সময় ওই কলেজ শিক্ষক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশিরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১১ টায় তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পালিয়ে গেলেও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে চিরিরবন্দর থানা পুলিশ স্থানীয় যুবকদের সহযোগিতায় দুপুর দেড়টায় উপজেলার ঈসবপুর ফকিরপাড়া এলাকা থেকে তাকে আটক করে।
চিরিরবন্দর থানার কর্মকর্তা ইনচার্জ সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রকৃত অপরাধী ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।